Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর প্রেমতলা-দাসেরগাঁও সড়কের সংস্কার কাজে ধীরগতি

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০২:৪২ এএম

বন্দর প্রেমতলা-দাসেরগাঁও সড়কের সংস্কার কাজে ধীরগতি
Swapno

শাহজাহান দোলন : বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের প্রেমতলা-দাসেরগাঁও সড়ক। সর্বশেষ ১৫ বছর আগে সংস্কার করা এই সড়কটির এখন, বেহাল দশা।


নানান জায়গায় ছোটবড় গর্ত ও কার্পেটিং উঠে গিয়ে রীতিমতো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ফলে যাতায়াতের সময় ভোগান্তি পোহাচ্ছে মুছাপুর ইউনিয়নের ৩৩টি গ্রামের কয়েক হাজার মানুষ।


অন্যদিকে জানা যায়, সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে এক মাস আগে ৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কটি পুনরায় সংষ্কারের সিদ্ধান্ত নেয় বন্দর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।  


কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের ধীরগতির কারণে এগোচ্ছেনা সড়টির সংস্কার কাজ। তাই নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ শেষ হবে কিনা তা নিয়ে, দুঃশ্চিন্তায় স্থানীয়রা।


এছাড়া, এই সড়কটির অভিমুখেই অবস্থিত ব্রহ্মপুত্র নদী। এই নদীকে ঘিরেই প্রতি বছর পালিত হয় লাঙ্গলবন্দ স্নান উৎসব।


এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের এই তীর্থস্থানে আসতে প্রেমতলা দাসেরগাঁও সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও, এর বেহাল দশা থাকায় অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করছে বিকল্প রাস্তা। তাই দ্রুত গতিতে এর সংস্কার কাজ শেষ করার দাবি সকলের।


এবিষয়ে প্রেমতলা এলাকার বাসিন্দা নূর হোসেন জানান, যে ধীর গতিতে কাজ এগোচ্ছে তাতে ১ বছরের মধ্যে সংস্কার সম্পন্ন হবে কি না, সন্দেহ রয়েছে। সামনে লাঙ্গলবন্দ মেলায় হাজার হাজার মানুষের আগমন হবে এখানে।


আর কয়েকদিন পরই এই উৎসব শুরু। তখন এই রাস্তাটি ব্যবহার করতে না পারলে ভোগান্তি পোহাতে হবে বহু হিন্দু ধর্মাবলম্বিদের।


একই এলাকার চা দোকানী আলী আশরাফ জানান, ‘এলাকার এই রাস্তার বেহাল দশা থাকায় বিভিন্ন সময় এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে অবহিত করলেও তিনি এ সমস্যা সমাধানে এগিয়ে আসেননি। এই রাস্তার পাশে প্রায় ২২টি ইটের ভাটা।


এই ইটভাটার ট্রাক চলাচলের কারণেই রাস্তার এই অবস্থা। তবে এখন আবার সংস্কার কাজ চলছে তাই দ্রুত এর কাজ শেষ করতে পারলে সকলের জন্যই ভালো হবে।’


তবে সড়কটির সংষ্কার কাজ পরিচলানা করার দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু বলেছেন, ‘কাজের ধীরগতির কথা বলে, অনেকেই অনেক কথা বলে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই আশা করি এই রাস্তার কাজ আমরা শেষ করতে পারবো।’


বন্দর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী ইফতেখারুল ইসলাম পাটওয়ারী জানান, ‘সাধারণ মানুষের সুবিধার্থে অতি দ্রুতই সড়কটির কাজ শেষ করা হবে। এখন পর্যন্ত প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। আর কাজে কোন গাফিলতি থাকলে আমরা এটা খতিয়ে দেখবো।’

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন