স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সদর উপজেলার ফতুল্লার কুতুবআইল কাঁঠেরপুল এলাকায় আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিনের মালিকানাধীন মালিহা নিট ফ্যাশনে দূর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংগঠিত হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মিজানুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন (নং-২২৬৯, ২০/০৩/২০২০)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় মালিহা নিট ফ্যাশন লি.নামের একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে এ চুরির ঘটনা ঘটে।
বিবরনে গার্মেন্টস এর পরিচালক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা কাটার দিয়ে গ্রীল কেটে গার্মেন্টসের চতুর্থ তলার এক্সিকিউটিভ ডাইরেক্টরের রুম ও ক্যাশ রুমে ঢুকে গার্মেন্টসের তৈরি মালামাল এবং ক্যাশ ভেঙে দুই লাখের বেশি টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় কিছু সিসি ক্যামেরাও তারা ভাঙচুর করে। ফ্যাক্টরির অপরাপর সিসি ক্যামেরায় দেখা যায় রাত ৮ টায় ছুটি হওয়ার পর সবাই বেরিয়ে গেলেও এক শ্রমিক টেবিলের নিচে লুকিয়ে থাকে। পরে ফ্যাক্টরির অগ্নিনির্বাপক যন্ত্রের সাথে থাকা কাটার মেশিন দিয়ে গ্রীল কেটে থান কাপড় গ্রীলে বেঁধে নিচে ফেললে তা দিয়ে অন্য চোরেরা উপরে উঠে এসে এ ঘটনা ঘটায়।
তিনি আরো জানান, বাহিরের সিসি ক্যামেরায় একটি বাসের উপস্থিতি দেখা গেছে। যাতে বুঝা যায় চোরদের মেশিনসহ আরও কিছু নিয়ে যাওয়া এবং ফ্যাক্টরিতে নিজস্ব কামড়ায় রাতে ঘুমানো ব্যবস্থাপনা পরিচালক হাজী গিয়াসউদ্দিনের কোন ক্ষতি সাধন করার অভিপ্রায় ছিল। রাস্তায় চলাচলকারী মানুষের উপস্থিতির কারণে তাদের ব্যাপক পরিকল্পনা ভেস্তে যায় এবং উপরোক্ত জিনিসপত্র নিয়েই তারা পালিয়ে যায়।
এবিষয়ে উক্ত গার্মেন্টস এর পরিচালক মো.মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরেই নিকটতম আশপাশের কেউ এ চুরির ঘটনাটি সংগঠিত করেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে জামালপুর জেলার খলিলুর রহমানের ছেলে গার্মেন্টসকর্মী রানা নামের এক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।


