Logo
Logo
×

নগরের বাইরে

শিল্পবর্জ্যরে বিষাক্ত পানি

ফতুল্লায় ১১ কৃষকের স্বপ্ন ভঙ্গ !

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১০:৫৭ এএম

ফতুল্লায় ১১ কৃষকের স্বপ্ন ভঙ্গ !
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ফতুল্লার কুতুবপুরের পিলকুনি এলাকায় ৩০ বিঘা আবাদী জমি শিল্পবর্জ্য মিশ্রিত পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে জমিতে চাষ করা ধান,লাল শাক,পালং শাক ও পুঁই শাক। পুকুরে ছিল রুই, তেলাপিয়াসহ কয়েক প্রজাতির মাছ। 


পাশ্ববর্তী খালে বাঁধ দেওয়ার কারণে শিল্পবর্জ্য মিশ্রিত পানি জমিতে ঢুকে পড়ায় পঁচে গেছে ধান ও সবজি,মরে ভেসে উঠছে মাছ। এতে এলাকার ১১জন কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখিন হয়েছে।


কৃষকরা জানায়, গত ১২ মার্চ পেয়ারাবাগান এলাকায় নন্দলালপুর খালে ডিএনডি প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের জন্য বাঁধ দেয়া হয়েছিল। পানি প্রবাহে বাধা পাওয়ায় খালের শিল্প বর্জ্যমিশ্রিত পানি ঢুকে পড়ে জমিতে। 


পরদিন জালকুড়িতে ডিএনডি প্রকল্পের লোকজনের সাথে দেখা করেন কৃষকরা। ১৬ মার্চ বাঁধ খুলে দেওয়া হলেও নিচু জমি হওয়ার কারণে পানি সরে যেতে পারেনি। ফলে নষ্ট হয়েছে ফসল ও পুকুরের মাছ।


কৃষক আব্দুল মান্নান বলেন,১০ বিঘা জমি ভাড়া নিয়ে ৫ বিঘাতে ধান (বোরো-২৯) চাষ করেছিলেন  তিনি। বাকি ৫ বিঘাতে সবজি। সবই এখন পানির নিচে। বৃহস্পতিবার বাঁধ  দেয়া হয়েছিল। তার পর থেকে জমিতে কালো পানি ঢুকে পড়ে। সব পঁচে গেছে।  মাছগুলো সব মরে ভেসে উঠেছে চোখের সামনে সব শেষ হয়ে গেছে।


কৃষক জিয়া রহমান বলেন,‘ জমিতে পানি ঢোকার পর তিন-চার দিন খালে দেয়া কৃত্রিম বাঁধ ছাড়ানোর জন্য অনেক কষ্ট করেছেন। কিন্তু সময় বেশি লাগাতে পানি উঁচু জমিতে উঠে এখন আর নামতে পারছে না। এই পানি আর যাইবেও না। পানি দেরীতে নামলেও আর কোন কাজে আসবেনা বলে জানান তিনি। কারণ জমির ফসল বিষাক্ত পানির কারণে পঁচে গেছে। 


 তিনি আরো বলেন, দুই মাস আগেও একবার খালে বাধ দেওয়া হয়েছিল। সে সময়ও জমি তলিয়ে গিয়েছিল। ফসল নষ্ট হয়ে গেছে, পানিও সরছে না। 


ক্ষতিগ্রস্থ কৃষক মান্নান বলেন, ধারদেনা করে তিনি মাছের রেনু সংগ্রহ করে তা ছেড়েছিলেন,পাশাপাশি ধানের চাষও করেছিলেন। মাছ বিক্রি করে ধার করা টাকা শোধ করবেন ভেবেছিলেন।কিন্তু তার সেই স্বপ্ন শেষ হয়ে গেছে বলে জানান তিনি। এখন দিন মজুরের কাজ করে সংসার চালাবেন নাকি দেনা শোধ করবেন তা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।


এ বিষয়ে কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মন্টু মিয়া বলেন, কয়েকদিন পরপরই পানিতে প্লাবিত হই আমরা। বিভিন্ন সময় জমির ফসল নষ্ট হয়ে যায়। আমরা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারি না। দুইজন কৃষক আমার কাছে আসছে। 

আমি তাদের সেনাবাহিনী ও চেয়ারম্যানের সাথে কথা বলার পরামর্শ দিয়েছি। ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন,কেউ বিষয়টি জানায়নি। এখনও আমি সরেজমিনে যাইনি। তবে আমি খোঁজ নিচ্ছি। 


ডিএনডি প্রকল্পের জালকুড়ি ক্যাম্পের ইঞ্জিনিয়ার ফরহাদ বলেন, পেয়ারাবাগানে ডিএনডি প্রকল্পের ৫৬ নম্বর কালভার্টটি নির্মাণ করা হবে। সেজন্য বাধ দেওয়া হয়েছিল। ডিএনডি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্ট ম্যানেজার জিয়াউল হক বলেন, কৃষকরা জমিতে পানি ঢুকে যাওয়ার বিষয়টি জানালে বাধ খুলে দেওয়া হয়। কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি জানি না। 


আমি আবার লোক পাঠাচ্ছি। মানুষের ক্ষতি করে তো আর কাজ করা যাবে না। যেভাবে মানুষের ভালো হবে সেভাবে করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন