রূপগঞ্জে প্রবাসী ও তার পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে, জরিমানা
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৭:৪৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ইতালি প্রবাসী ও তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়া তথ্য গোপন করায় ওই প্রবাসী ও তার শ্বশুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সে বাড়ির সামনে নিষেধাজ্ঞার একটি পোস্টার ঝুঁলিয়ে দেয়া হয়। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৬ দিন পূর্বে ইতালি থেকে গাজীপুরের কাপাসিয়া এলাকায় ফেরত আসেন আরিফ নামে এক যুবক। সেই যুবক অবাধ চলাফেরায় করায় এলাকার সবাই তাকে বাড়ির বাইরে না বের হওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করেন। পরে প্রবাসী যুবক তার শ্বশুরবাড়ি রূপগঞ্জের রূপসী এলাকায় এসে আশ্রয় নেন এবং প্রকাশ্য ঘুরে ফেরা শুরু করেন।
বিষয়টি জানাজানি হয়ে গেলে রূপসী এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে লোকজন ভয়ে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দেয়।
বিষয়টি এলাকাবাসী শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রবাস ফেরত সেই যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য নির্দেশ দেন এবং ওই বাড়ির লোকজনকে বাইরে না বের হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, তথ্য গোপন রাখার দায়ে আরিফের শ্বশুরকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে ওই যুবককে আলাদা ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখার এবং এই বাড়ির কোন লোক যেন বাইরে বের না হয় সে জন্য নির্দেশ প্রদান করেন ইউএনও। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সে বাড়ির সামনে নিষেধাজ্ঞার একটি পোস্টার ঝুঁলিয়ে দেয়া হয়।


