দ্বিতীয় স্ত্রীর অনুমতি না নিয়ে বাল্য বিয়ের পিড়িতে লম্পট: কারাদন্ড
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৬:২৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ধুমধাম করে চলছিল বিয়ের প্রস্তুতি, তৈরী ছিল গেইট-প্যান্ডেল, রান্না-বান্না শেষ, বরযাত্রীসহ আমন্ত্রিত মেহমানরা আসার অপেক্ষায়।
এরইমধ্যে থানায় খবর যায় কনের বয়স ১৫। খবর পেয়ে ওসির হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করে আটক করা হয়েছে লম্পট বর রজব আলী (২৮), তার পিতা ও শিশু কন্যার মাকে।
এ সময় পুলিশ বরকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, এর আগে তার দুটি বিয়ে হয়েছে। বর্তমানে দ্বিতীয় স্ত্রী রয়েছে। এ সংসারে তার একটি ছেলেও রয়েছে। দ্বিতীয় স্ত্রীর অনুমতি না নিয়েই সে এই বিয়ে করছে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) রেজা মো: গোলাম মাসুম প্রধানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বরকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
এবং বরের বাবাকে তার ভুল সুদরানোর জন্য ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়। পরে কনের মাকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। কারাদন্ডপ্রাপ্ত বর রজব আলী (২৮) যশোহর জেলার শারশা থানার বহিলাভোতা এলাকার রমজান আলীর ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকাস্থ শীতলক্ষ্যা নদীরপাড়ে ড্রেজারের মিস্ত্রি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, ১৫ বছরের অপ্রাপ্ত বয়ষ্ক একটি মেয়ের বিয়ে হচ্ছে জানতে পেরে উপ-পরিদর্শক জয়নালসহ ফোর্স পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
আটক বর এর আগেও দুইটি বিয়ে করেছে বলে আমরা জানতে পেরেছি এবং তার একটি ছেলে রয়েছে। কিন্তু সে তার দ্বিতীয় স্ত্রীর অনুমতি না নিয়েই একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে তৃতীয় বিয়ে করতে যাচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) রেজা মো: গোলাম মাসুম প্রধান বলেন, পূর্বের বিয়ের কথা গোপন রেখে অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা মেয়েকে বিয়ে করার চেষ্টার কারনে বরকে একমাসের কারাদন্ড দেয়া হয়েছে।
কনের মা তাদের ভুল স্বীকার করায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর বরের বাবাকে তার ভুল সুদরানোর জন্য ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হবে।


