Logo
Logo
×

নগরের বাইরে

নেই মশক নিধনের ফান্ড

ফতুল্লার বেড়েছে মশার উপদ্রব

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০২:০৪ এএম

ফতুল্লার বেড়েছে মশার উপদ্রব
Swapno

স্টাফ রিপোর্টার : বিগত বছরগুলোর চাইতে সাম্প্রতিক সময়ে বেড়েছে মশার উপদ্রব। জেলার প্রতিটি থানা এলাকায় যে পরিমান মশা উপদ্রব বেড়েছে তা আর অতীতে হয়নি বলে জানিয়েছে ফতুল্লাবাসী। মশা নিধনে ইউনিয়নগুলোতে নেই কোন কার্যকরী পদক্ষেপ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ রাতের বেলা শহরের অলিতে গলিতে ছিটানো হচ্ছে মশক নিধনের ঔষধ। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে নগরবাসী সাধুবাদ জানাচ্ছে।

তবে এ ঔষধ কতোটা কার্যকরী তা বুঝা যাবে কয়েকদিন পর এমনটি মনে করছে নগরবাসী। অপরদিকে জেলার অন্যান্য থানা এলাকার মতো ফতুল্লার ৫টি ইউনিয়নের কোনোটিতেই এখনো মশক নিধনের ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি।

তবে বর্তমান সময়ে ইউনিয়ন ভিত্তিক মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে যে ঔষধ বিভিন্ন জনপ্রতিনিধি নিজ এলাকায়  গেল বছর দিয়েছিল তা কার্যকর নয় বলেও মন্তব্য করেছেন এলাকাবাসী। সরকারীভাবে মশক নিধনের ঔষধ দেয়া হলে তা কার্যকরী হবে বলেও জানিয়েছে ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

অনেকের দাবী,মশক নিধনে ব্যবহার করা ঔষধের গুনগত মান ঠিক নেই বলেই মশক নিধন হয়না। অপরদিকে প্রতিটি পাড়া মহল্লায় বেড়েছে কয়েল বিক্রি। মশার কয়েল ব্যবহার করেও মশা থেকে পরিত্রাণ পাচ্ছেনা মানুষ, এমনটিই জানিয়েছেন ফতুল্লায় বসবাসকারীরা।

গত বছর মশা বাহিত রোগের কারণে জেলায় ঘটেছিল প্রাণহানী। এরপর শহরের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্বেচ্ছাসেবী সংগঠন,রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ঔষধ ছিটানো হয়েছিল। তবে সেই ঔষধ ছিটানোর পরও শহর,পাড়া,মহল্লাবাসী নিস্তার পায়নি মশার উপদ্রব থেকে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার পাশেই ফতুল্লা থানা এলাকা। এই থানাতে রয়েছে ৫টি ইউনিয়ন। গত বছর ইউনিয়নগুলোতে মশক নিধনের ব্যাপারে জনগনের মধ্য থেকে দাবী তোলা হয়। তবে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসন সবগুলো ইউনিয়ন পরিষদ এলাকায় ফগার মেশিন প্রদান করেন।

প্রথম কয়েকদিন জনপ্রতিনিধিরা মশক নিধনে ঔষধ ছিটালেও সেই সময় মশা থেকে তেমন একটা নিস্তার পায়নি জনগন। তবে জনপ্রতিনিধিদের বাইরে থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দও মশক নিধনের ব্যাপারে ভুমিকা রাখার চেষ্টা করেছেন।

শেষ পর্যন্ত মশক নিধনের ঔষধের মান নিয়েও প্রশ্ন উঠে। এ বছর মশার উপদ্রব যে হারে বাড়ছে যদি তা নিয়ন্ত্রণ করা না যায়,তাহলে আগামী বর্ষা মৌসুমে মশা বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে মনে করেন স্থানীয়রা।

এনায়েতনগরের মুসলিমনগর আদর্শপাড়া এলাকার বাসিন্দা অলিউদ্দিন দেওয়ান অরুন বলেন,বিসিক শিল্প এলাকার বেশিরভাগ শ্রমিক মুসলিমনগর,শাসনগাও ও মাসদাইর এলাকায় বসবাস করেন। এখানে ঘনবসতি যেমন,তেমনি আবার ময়লা আবর্জনার পরিমানও বেশি। ময়লা আবর্জনাতে মশা তার বংশ বৃদ্ধি করে। অপরদিকে ডোবা নালাতেও মশা থাকে। যদি মশা বাহিত রোগের আগেই মশা নিধনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে মনে হয় মশা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। মশার কয়েলেও এখন জনগন নিস্তার পাচ্ছেনা।

ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান বলেন, মশার উপদ্রব একটু বেশিই মনে হচ্ছে। গত বছর নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও  উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ইউনিয়নে ফগার মেশিন প্রদান করা হয়েছিল। এবছর যেভাবে মশার উপদ্রব চলছে তাতে মনে করি এখনই মশক নিধনের আমাদের জনপ্রতিনিধিরা কার্যকর ভুমিকা রাখবে।

এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন,গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মশক নিধনের ঔষধ  দেয়া হয়েছিল। কিন্তু যে পরিমান ঔষধ দেয়া হয়েছিল তা এলাকার তুলনায় খুবই কম ছিল। এরপরে জনপ্রতিনধিরা তাদের নিজেদের উদ্যোগে মশার ঔষধ তাদের নিজেদের এলাকায় ছিটিয়ে ছিল।

বর্তমানে এনায়েতনগরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে। এই উপদ্রব থেকে বাঁচতে হলে এখনই আমাদের সতর্ক হতে হবে। অপরদিকে সরকারীভাবে যদি ঔষধ দেয়া হতো তাহলে অনেক উপকার হতো বলেও তিনি মনে করেন।


কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন,মশক নিধনের ব্যাপারে সরকারের কোন দিক নির্দেশনা নেই। এব্যাপারে কোন ফান্ডও নেই। আপাতত মশক নিধনের ব্যাপারে কোন কিছু চিন্তা করছি না।


এব্যাপারে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী বলেন,এ বছর ইউনিয়নের উদ্যোগে স্থানীয়ভাবে মশক নিধনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি তা অল্প কয়েকদিনের মধ্যে শুরু করা হবে। তবে সরকারীভাবে যদি ঔষধ দেয়া হতো তাহলে ভালো হত।  


এ ব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোনটির রিসিভ করেননি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন