যুগের চিন্তা ২৪ : ফতুল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্বের জের ধরে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করতে রাজি নয় ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
এর আগে এ ঘটনায় রোববার (১৫ মার্চ) বিকেলে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করে ভুক্তভোগী ওই কিশোরী। অভিযুক্তের নাম আল আমিন সিকদার (২১)। সে ফতুল্লার দেলপাড়া পেয়ারাবাগান ব্যাংক কলোনী এলাকার ফজল সিকদারের ছেলে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আসলাম হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগী ওই কিশোরীর সাথে যোগাযোগ করেছি। কিন্তু ওই কিশোরী অভিযোগ দায়ের করলেও এ ঘটনায় মামলা দায়ের করতে রাজি হয়নি। কিশোরী ও কিশোরীর পরিবার বিষয়টি বিবাহের মধ্যে দিয়ে সমাধান করতে চাইছে। তবে আমরা তো বিয়ের সিদ্ধান্ত নিতে পারি না। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি ও অভিযুক্ত আলামীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি পার্লারে চাকরী করে। কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে ফতুল্লার দেলপাড়া পেয়ারাবাগান ব্যাংক কলোনী এলাকার ফজল সিকদারের ছেলে আল আমিন সিকদারের সাথে পরিচয় হয়।
সেই সুবাদে আলামিন ওই কিশোরীর সাথে দেখা করার জন্য তাকে গত ৯ মার্চ বিকেল দেলপাড়া কলেজ রোড সংলগ্ন ছেবুড়ি নামক রেস্টুরেন্টে আসতে বলে। রেস্টুরেন্টে প্রবেশের পর আলামিন ছাড়া কাউকে দেখা যায়নি। কথার একপর্যায়ে আলামিন কিশোরীকে রেস্টুরেন্টের একটি কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।
ওই সময় কিশোরী ডাক-চিৎকারের চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দিয়ে তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। পরে আলামিনের বাড়ির ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে গিয়ে বিষয়টি আলামিনের বাবা ও পরিবারের সদস্যদের জানানো হয়। কিন্তু তারা কোন কর্ণপাত না করে উল্টো হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে কিশোরী রোববার এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।


