Logo
Logo
×

নগরের বাইরে

কবরস্থানের জমি লিখে নিলেন আ’লীগ নেতা !

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৩৩ এএম

কবরস্থানের জমি লিখে নিলেন আ’লীগ নেতা !
Swapno

স্টাফ রিপোর্টার : এলাকাবাসী কবরস্থানের জন্য বর্ধিত জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিল। এজন্য ৩০ বছর আগে ঐক্যবদ্ধ হয়ে একটি কমিটিও গঠন করেছিলেন। সাত্তার গাজীকে সভাপতি  করে তৎকালীন এ কমিটি করা হয়। তাঁর মৃত্যুর পর  কমিটির সভাপতি হন বাবুল মিয়া।

 

যিনি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর সময়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


আর এই বাবুল মিয়ার বিরুদ্ধেই কবরস্থানের জমি নিজের নামে লিখে নেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর কষ্টার্জিত টাকায় কেনা জমি বক্তাবলী ইউনিয়নপরিষদের চেয়ারম্যান এম শওকত আলী ফেরত দেয়ার নির্দেশ দিলেও বাবুল এলাকাবাসীকে জমি ফেরত দেননি বলে অভিযোগ এলাকাবাসীর। এ নিয়ে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাধানগর এলাকায় শুরু হয়েছে নানা সমালোচনা।

 

মুসলমানদের শেষ ঠিকানা কবরস্থান। আর সে কবরস্থানের জমি নিয়ে যখন কোনো মুসলমান দুর্নীতির আশ্রয় নেয়, তখন তা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। শুধু তাই নয় তিনি সেই জমির নাম খারিজও তার নিজের নামেই করে নিয়েছেন। বেশ কয়েক বছর যাবৎ এলাকাবাসী কবরস্থানের জন্য ক্রয় করা জমি ফেরত চাচ্ছিলেন বাবুলের কাছ থেকে। কিন্তু জমি তিন ছাড়তে নারাজ।

 

সম্প্রতি কবরস্থানের পাশের জমিতে মাটি কাটছিলেন তিনি। এলাকাবাসীর তোপের মুখে এবং চেয়ারম্যান শওকত আলীর কথায় তিনি মাটি কাটা বন্ধ করেছেন। তবে জমি ফেরত না দেয়ার ব্যাপারে তিনি অনড় অবস্থানে রয়েছেন এখনও-এমনটিই জানালেন রাধানগরবাসী।

 

রাধানগর  গ্রামের বাসিন্দারা জানান, এলাকার কবরস্থানের পাশের জমি ক্রয় করার জন্য তারা যার যেমন সামর্থ্য সে অনুযারী সাহায্য সহযোগিতা করেছিলেন। ৩০ বছর আগের একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটিতে সাত্তার গাজীকে করা হয়েছিল সভাপতি। ১০ বছর আগে তিনি মৃত্যু বরণ করেন। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া এ কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

 

এলাকাবাসীর দেয়া ৩০/৩৫ হাজার টাকা জমা ছিল তার কাছে। এক সময় জমির মালিকের ওয়ারিশের কাছে ৯ শতাংশ জমি ক্রয় করার জন্য ৩৫ হাজার টাকা তুলে দেন এলাকাবাসী। এরপর জমির ওয়ারিশরা লিখে দেয়ার প্রস্তুতি নেয়।  আর তখনই বাবুলের লোভ জাগে নিজের নামে সম্পত্তি লিখে নেয়ার।


রাধানগর গ্রামের কবরস্থানে জমি দাতা ও পঞ্চায়েতের সদস্য আব্দুর রহমান গাজী  বলেন, বাবুল যখন বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলো তখন রাধানগর গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল কবরস্থানের জমিটি বাড়ানো হবে। কবরস্থানের পাশের জমিটি কেনার জন্য বাবুলের কাছে থাকা টাকা দিয়ে জমি কেনার জন্য জমির মালিকের সাথে কথা পাকা করা হয়। সবাই মিলে দলিল লেখকের কাছে যাওয়াও হয়েছিল।

 

সেখানে সরকারি ট্যাক্স বেশি চাওয়া নিয়ে  দলিল লেখকের অফিসে বসা হয়েছিল। বাবুল তখন বলেছিল ‘বেশি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করবেনা’। পরে জমি রেজিস্ট্রি করবো। বাবুলের কথামতো সবাই সেদিন সেখান থেকে চলে আসে। কিন্তু পরক্ষণেই জানতে পারি, বাবুল এলাকাবাসীর টাকার সাথে নিজে কিছু টাকা দিয়ে কবরস্থানের জন্য নির্দিষ্ট জমি নিজের নামেই লিখে নিয়েছে।


স্থানীয়রা জানান, কবরস্থানের পাশের জমিটি নিচু হওয়ায় সেখানে বর্ষাকালে পানি জমে। আর পানিতে পুকুরটিতে মাছের চাষ করা হয়। বাবুল পুকুরটি একজনকে বর্গা দিয়েছেন। সম্প্রতি  পুকুর থেকে মাটি কাটতে গেলে স্থানীয়রা বাধা দেয়। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হলে তিনি বাবুলকে সেখান থেকে মাটি কাটতে নিষেধ করেন।


বক্তাবলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল গাজী বলেন, গ্রামের মানুষ কবরস্থানের জমি বর্ধিত করার জন্য টাকা জমিয়েছিল। আর ঐ টাকা দিয়ে কবরস্থানের জমি নেয়ার কথা থাকলেও বাবুল তা করেনি। এটা আসলে অন্যায়।

 

বক্তাবলীর চেয়ারম্যান শওকত আলী তিন বছর আগে এই বষয়টি মীমাংসা করে দেবার দায়িত্ব নিয়েছেন। কিন্তু বাবুল এই সময়েও জমি ফেরত দেয়নি। তিনি শুধু  জমি তার নামে রেজিস্ট্রি করেই ক্ষান্ত হয়নি, তার নামে জমি খারিজও করেছেন।


বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এম শওকত আলী বলেন, রাধার নগরের একটি কবস্থানেসর বর্ধিত জমির ব্যাপারে এলাকাবাসীর আপত্তি আছে। বিষয়টি আমি অবগত আছি। আশা করি এর একটি সুষ্ঠ সমাধান হবে।


এ ব্যাপারে বাবুল মিয়ার সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার মুঠোফোনটি রিসিভ করেননি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন