বন্দর (যুগের চিন্তা ২৪) : ধামগড় ইউনিয়ন পরিষদের নারী সদস্য সখিনার মদদে সরকারি ৪টি কড়ই গাছ কর্তনের অভিযোগ উঠেছে কাঠ ব্যবসায়ী জহিরুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকায় এ গাছ কাটা হয়।
সংবাদ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় দুর্বৃত্তরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ সরকারি ২০ টি কড়ই গাছের মধ্য ৪ টি কাটা কড়ই গাছ জব্দ করে।
এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর জানান, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপূত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ স্নানস্থলে সরকারি জায়গায় সাঁড়িবদ্ধভাবে কড়ই গাছ রয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি গাছ কেটে নিয়ে যাচ্ছে জহিরুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ী, এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তার লোকজন পালিয়ে যায়।
ওই সময় কাঠ ব্যবসায়ী জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ধামগড় ইউপির সংরক্ষিত নারী সদস্য সখিনা বেগম ২০ গাছগুলো ক্রয় করেছেন। ২০ টি গাছের মধ্যে ৪টি গাছ কাটা হয়েছে।
এ ব্যাপরে ধামগড় ইউনিয়ন পরিষদ সংরক্ষিত নারী সদস্য সখিনা বেগম জানান, আমি কারো কাছে কোনো গাছ বিক্রি করি নাই। জহিরুলের কাছে সোনালী নিউজ পেপার কোম্পানির লোকজন গাছ বিক্রি করেছে। আমি শুধু স্বাক্ষী হয়েছি।


