সবাইকে যার যার ধর্ম বিধান মেনে চলতে হবে : ওসি সিদ্ধিরগঞ্জ
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৭:০২ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সামাজিক অনাচার থেকে রক্ষা পেতে সবাইকে যার যার ধর্ম বিধান মেনে চলার আহ্বান জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেছেন, মাদক থেকে, জঙ্গীবাদ থেকে, বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। আর ইভটিজিংয়ের যে ব্যাপারটা, তোমরা স্কুল থেকে আসা-যাওয়ার সময় যদি কেউ উত্যক্ত করে তাহলে শিক্ষকদেরকে ও অভিভাবকদেরকে জানাবে। এতে যদি কাজ না হয় তাহলে আমাদেরকে জানাবে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।
শনিবার (১৪ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলশের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, বিদ্যালয়ের দাতা সদস্য সানজিদা হক ভুঁইয়া, সফর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাকিয়া আলী ভুঁইয়া, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম, অভিভাবক সদস্য ফারুক হোসেন প্রমুখ।
কামরুল ফারুক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমাদের দেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আর এই উন্নয়নের চাকাটাকে সচল রাখতেই আমাদের এই কষ্ট। তোমাদের দিকে দেশটা তাকিয়ে আছে, তোমরাই একসময় হাল ধরবে। উন্নয়নের মহাসড়কে যে ট্রেনটি চলছে, সেই ট্রেনটিকে চালু রাখতে হবে। এটা যাতে তোমাদের দ্বারা লাইনচ্যুত না হয়। উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। সেই চক্রান্তকে প্রতিহত করতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন গুজব ও অপপ্রচারে কেউ কান দিবে না। করোনা ভাইরাস সম্পর্কে সবাই সচেতন থাকতে হবে।
কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, যারা মাদকসহ নানাবিধ নেশায় আসক্ত সেসব বন্ধুদের সাথে দুরত্ব বজায় রেখে সতর্কতা বজায় রেখে চলবে। কারণ তোমাদের অসাবধানতার কারণে সঙ্গদোষে তোমরাও মাদকে জড়িয়ে সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলবে। আর ইভটিজিংয়ের বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এরআগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি মো.সফর আলী ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, উদযাপন কমিটির সদস্য জাকির হোসেন, নেকবর আলী মাস্টার, নুরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।


