বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় পিতা-পুত্র জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার মাছুম মিয়া (৪৫) ও তার ছেলে হৃদয় (২৫)।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত মাছুম মিয়ার স্ত্রী শিল্পি বেগম বাদী হয়ে হামলার ঘটনার রাতেই কিশোর গ্যাংয়ের ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মাছুম মিয়া (৪৫) ও তার ছেলে হৃদয় (২৫) ওউ এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী বলে অভিযোহগ রয়েছে।
জানা গেছে, বন্দর থানার সালেহনগর এলাকার মাছুম মিয়ার ছেলে হৃদয়ের সাথে একই এলাকার সোবাহান মিয়ার ছেলে রিয়াদের সাথে র্দীঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। এ ঘটনার জের ধরে সোমবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্য রিয়াদ ও তার বড় ভাই সজিব, একই এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে আল-আমিন, মোড়ল মিয়ার ছেলে সোবাহান, একই এলাকার জুম্মান, জুয়েল ও তার স্ত্রী তানিয়া বেগম ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মাছুমের বাড়িতে হামলা চালায়।
হামলাকারিদের বাধা দিতে গিয়ে তাদের অস্ত্রের আঘাতে মাদক মাছুম ও তার ছেলে হৃদয় রক্তাক্ত জখম হয়। ওই সময় হামলাকারিরা ঘরের পণ্যসামগ্রী ভাংচুর করে প্রায় ২৫ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।


