শীতলক্ষ্যা ও ধলেরশ্বরী নদী থেকে ২টি বাল্কহেড জব্দ, আটক ৪
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:৩৩ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে এমভি নিউ আল জান্নাত ও এমভি হাজী শাহাবুদ্দিন নামে ২টি বাল্কহেড জব্দসহ ৪ জনকে আটক করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানার ধলেরশ্বরী ও শতীলক্ষ্যা নদীতে ডিউটির সময় বাল্বহেড ২টি জব্দসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো-নড়াইল জেলার কাশিয়ানী থানার কামারুল এলাকার আব্দুল হামিদ শিকদারের ছেলে নাজির উদ্দিন শিকদার (৪৮) ও একই জেলার কালিয়া থানার বালুতলা এলাকার মৃত জাফর আহাম্মেদ মিয়ার ছেলে শরীফুল (৩০)। বরগুনা জেলার সদর থানার ধলুয়া এলাকার আবু হানিফ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার আলতাফ হোসেন মিয়ার ছেলে জুয়েল (২৬)।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ পরিদর্শক চাঁন মিয়া জানান, সরকারের র্নিদেশ অমান্য করে রাতের বেলায় শীতলক্ষ্যা ও চরধলেরশ্বরী নদীর খেয়াপারাপারে স্থানে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর সময় উল্লেখিত ২টি বাল্কহেড জব্দসহ ৪ জনকে আটক করা হয়।
এ ঘটনায় কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও পরিদর্শক মো. চাঁন মিয়া বাদী হয়ে বন্দর থানায় পৃথক ২টি মামলা রুজু করেন। আটকৃতদের মঙ্গলবার (১০ মার্চ) সকালে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।


