অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:৩০ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মঞ্জু মিয়া সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার গত (৯ মার্চ ) রাতে উপ-ব্যবস্থাপক (জোবিঅ-সোনারগাঁ) প্রকৌশলী মিজবাহ উর রহমান বাদী হয়ে বন্দর থানায় এ মামরা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় (জোবিঅ-সোনারগাঁ) উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমানসহ অন্যান্য কর্মকর্তা দাঁশেরগাও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালে দাঁশেরগাও ফনকুল এলাকার প্রায় ৩ হাজার বসত বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে।
এ ঘটনায় তিতাস কর্তৃপক্ষ বাদী হয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মঞ্জু মিয়া ও নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে রমজান আলী এবং একই এলাকার ইয়া বক্স মিযার ছেলে দ্বীন ইসলামকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করে।


