শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার পানি পান করতে পারব : শামীম ওসমান
প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৮:৫৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার পানি পান করার আশা নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে নারায়ণগঞ্জের শিল্পকারখানার ইটপি (বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা) প্লানে প্রদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
রবিবার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের পাম্প স্থাপনের শুভ সূচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সাংসদ শামীম ওসমান পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। দেশের মোট আয়ের নারায়ণগঞ্জ ব্যাপক অবদান রাখে। জনগনকে সুবিধা দেওয়াই আমাদের একমাত্র কাজ। এই প্রকল্পকে হাতিরজিলের চেয়ে সুন্দর একটি প্রকল্প করতে হবে।
বিকেএমই, বিজেএমই এবং চেম্বার অব কমার্সের সাথে কথা বলব। এই প্রকল্পের সাথে ইটপি প্লান গুলোতেও যদি প্রদক্ষেপ নেওয়া হয় শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার পানি পান করতে পারব।
তিনি বলেন, ডিএনডি প্রকল্পের কাজ শেষ করতে আরো ৭শ কোটি টাকার প্রয়োজন। আমি আশা করছি প্রধানমন্ত্রী এ টাকার অনুমোদন দেবেন। সরকারের মন্ত্রী, সচিব, পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী বেশ আন্তরিকতায় কাজ করে যাচ্ছে। তাদের কাজে মনে হয় এটা তাদেরই এলাকা।
তারা হাতিরঝিলের আদলেই এ কাজটি করে যাচ্ছেন। কাজটি শেষ হলে ডেমরা থেকে আমরা নৌকায় উঠবো এবং শীতলক্ষ্যায় গিয়ে নামবো। সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই কারণ তাঁরা নোংরা পানিতে নেমে ডিএনডি নিয়ে সংবাদ করেছেন।
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের প্রতি জাতির জনকের কন্যা শেখ হাসিনার আলাদা একটা টান রয়েছে। আমি বলতে বলতে একপর্যায়ে তৎকালীন পানিসম্পদ মন্ত্রী আনিস ভাইকে (আনিসুল হক) বলেছিলাম, আমাকে রিজাইন করতে হবে। কারণ যে এলাকার মানুষ কষ্টে থাকবে সেই এলাকাতে এমপি থাকার আমার দরকার নাই। তখন প্রধানমন্ত্রীর ইশারায় এ কাজটি শুরু হয়।
তিনি আরো বলেন, ‘ঢাকা থেকে আসার সময়ে গাড়িতে বসে ৬ রাকাত নফল নামাজ আদায় করেছি। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন মন্ত্রী ও সচিব সাহেবরা ডিএনডি প্রকল্প নিয়ে কাজ করেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এসময় আরাে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশন বিগ্রেডের ডিজি বিগ্রেডিয়ার এফ এম জাহিদ হোসেন, ১৯ ইসিবি অধিনায়ক লে: কর্ণেল আহসানুল তাকদ্বীম চৌধুরী, প্রকল্প পরিচালক লে: কর্ণেল মাসফিকুল আলম ভুঁইয়া ও প্রজেক্ট অফিসার মেজর সৈয়দ মোস্তাকিম হায়দার প্রমুখ।


