সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় একটি পুকুরের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করতে বাধা দেয়ায় নারায়ণগঞ্জ জজকোর্টের এক আইনজিবীর উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে কথিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (৭ মার্চ) দুপুরে পেরাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই আইনজীবি খন্দকার মিকাইল হোসেন বাদী হয়ে রাতে তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় তার ১২ বিঘা পুকুরে র্দীঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন নারায়ণগঞ্জ জজকোর্টের আইনজিবী খন্দকার মো. মিকাইল হোসেন। তিনি আরো অধিক পরিমাণে মাছ চাষের জন্য তার নিজ পুকুরে খনন কাজ শুরু করেন। শনিবার দুপুরে জামপুর ইউনিয়নের পেরাব এলাকার কথিত ছাত্রলীগ নেতা মো. রিয়েল মোল্লা, ফয়সাল, সালাউদ্দিন, ফারুক, মোহাম্মদ আলীসহ ৮-১০ জনের একটি দল পুকুরের মাটি খনন কাজে বাধা দিয়ে ওই পুকুরের মাটি জোড়পূর্বক ইটভাটায় নেওয়ার চেষ্টা করে।
এসময় তিনি বাঁধা দিলে কথিত ছাত্রলীগ নেতারা তার ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করেন ওই আইনজীবী। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় কথিত ছাত্রলীগ নেতা মো. রিয়েল মোল্লা, ফয়সাল আইনজীবীকে মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আইনজীবীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় রাতেই তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় কথিত ছাত্রলীগ নেতা রিয়েল ও ফয়সালের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে জানায়, জমির মালিক আইনজীবি মিকাইল বিএনপির নেতা। তার পুকুরের মাটি আমরা কিনতে চেয়েছি। তার কাছে কোন চাঁদা দাবি করিনি।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মিকাইল নামের এক আইনজীবী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। ডাকাতির ঘটনা নিয়ে ব্যস্ত থাকায় এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারিনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) খোরশেদ আলম জানান, এ বিষয়ে তিনি অবগত নন। এ রকম কোন ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


