Logo
Logo
×

নগরের বাইরে

ময়লা-আবর্জনার স্তুপ, অদৃশ্য বন্দরের ‘গায়েবানা পুকুর’

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ১২:৩৪ পিএম

ময়লা-আবর্জনার স্তুপ, অদৃশ্য বন্দরের ‘গায়েবানা পুকুর’
Swapno

শাহজাহান দোলন : অঞ্চলভেদে নানা বিষয় নিয়ে মানুষের অদ্ভুত ধরনের কিছু বিশ্বাস কাজ করে। আরও বিশ্বাসযোগ্য করতে এর পেছনে নানা যুক্তিও দাঁড় করানো হয়। কিছু মিথ আর কিছু রহস্যের মিশেলে মানুষের বিশ্বাসে কিছু কিছু জিনিস সত্যিই মনের গভীরে গেঁথে যায়। আর তা বংশপরম্পরায় আরো বেশি সত্যি হিসেবে ফুটে ওঠে। 

 

এমনই এক রহস্যে আবৃত বন্দর উপজেলারর শাহী মসজিদ সংলগ্ন “গায়েবানা পুকুর”। কেউ কেউ মনে করেন ক্ষুদ্র এই জলাশয়ের সৃষ্টি অদৃশ্যভাবেই হয়েছিলো ! তাই এর নাম রাখা হয়েছে ‘গায়েবানা পুকুর’। কিন্তু স্থানীয়দের মধ্যে অনেকেই আবার তা মানতে নারাজ। তাদের মতে অদৃশ্য নয়, বরং অন্যান্য পুকুরের মতো স্বাভাবিকভাবেই খনন হয়েছে এটি। তাদের মতে, মোঘল আমলের শুরুর দিকে জালালুদ্দীন ফতেহ এর শাহী কর্মকর্তা বাবা সালেহ ১৪৮২ খ্রিস্টাব্দে বন্দর শাহী মসজিদের দক্ষিণ পাশে এই পুকুরটি খনন করেছেন।যদি অদৃশ্যভাবে খনন করা হয়েও থাকে তাহলে দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলার কারণে সাড়ে ৫০০ বছরের পুরনো এই পুকুর আজ সত্যি সত্যিই অদৃশ্য হতে চলেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশেপাশের বাড়ি-ঘর থেকে ফেলা গৃহস্থলির বর্জ্যে দিন দিন ভরাট হচ্ছে পুকুরের বিভিন্ন স্থান। বহুদিন যাবৎ পরিষ্কার না করায় কচুরিপানা, প্লাস্টিক ও পলিথিন ভাসছে পুকুরের অধিকাংশ জায়গা জুড়ে। এতে পুকুরের পানির রং বদলানোর সাথে সাথে তা থেকে বের হচ্ছে তীব্র দুর্গন্ধ। দূর থেকে তাকালে বোঝার উপায় নেই যে, এটি একটি পুকুর।

 

স্থানীয়রা জানান, দশ-পনেরো বছর পূর্বেও এই পুকুরের পানির স্বচ্ছতা এতই বেশি ছিলো যে, সহজেই তা দৃষ্টি ভেদ করে যেতো। কেউ পানির নিচে ডুব সাঁতার দিলে উপড় থেকে তার গতিবিধি স্পষ্ট দেখা যেতো। পাড়ে দাঁড়ালে উজ্জ্বল রঙের বিভিন্ন মাছের চাল-চলনও সহজেই চোখে পড়তো। যা-কিনা দূষণের ভীড়ে আটকা পড়া আমাদের এই দেশে এমন দৃশ্য এখন চোখে পড়েনা। শাহী মসজিদের সৌন্দর্য্য বর্ধনের জন্য এই পুকুরটি ছিলো এলাকাবাসীর কাছে আশীর্বাদস্বরূপ। তাই বন্দর শাহী মসজিদ এলাকার লোকজনের দাবি দ্রুতই যাতে পুকুরটিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়।

 

বন্দর শাহী মসজিদ এলাকার আব্দুর রউফ নামে একজন বলেন, আসলে স্থানীয় লোকজন এই পুকুরের কদর বোঝেনা। তারা ময়লার ডাস্টবিন থাকতেও পুকুরেই ময়লা ফেলে। তাহলে পুকুরটি পরিষ্কার থাকবে কীভাবে ? আর দ্রুত সংস্কার না করলেতো পুকুরটি আরো নষ্ট হয়ে যাবে।

 

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ তপন মিয়া বলেন, আমাদের এই পুকুরটি জন্য এলাকাবাসীর অনেক উপকার হতো। আশেপাশের লোকজন তাদের জামা-কাপড় ধোঁয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ করতেন এই পুকুরের পানি দিয়ে। মসজিদে পানি না থাকলে  মুসুল্লিরা তাদের ওজুটাও এই পুকুরের পানি দিয়ে সেরে নিতো। কিন্তু এখন দিন দিন এই পুকুরটি ময়লা দিয়ে ভরে যাচ্ছে তাই এর পানিও ব্যবহার করা যাচ্ছে না।

 

বন্দর শাহী মসজিদ এলাকর আবুল হাসেম নামে একজন জানায়, বেশ-কয়েক বছর পূর্বে, পুকুরটি বালু দিয়ে ভরাট করার চেষ্টা করেছিলো “বন্দর শাহী মসজিদ” কমিটির সদস্যরা। উদ্দেশ্য ছিলো সেখানে দোকান অথবা বহুতল মার্কেট গড়ে তোলার। তবে স্থানীদের আন্দোলনের মুখে পুকুরটি ভরাট থেকে বিরত থাকতে বাধ্য হন মসজিদ কমিটির সদস্যরা। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দরের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই পুকুরটিকে সংস্কার করার উদ্দ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে নাসিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার জানালেন আশার কথা। তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এই পুকুরটি সংস্কার করবে। খুব সম্ভবত এর নকশাও তৈরি হয়ে গেছে। দ্রুতই কাজ শুরু হবে। এসময় পুকুরটি পরিষ্কার করে চারিদিকে ঘাটলাসহ ফুল গাছ লাগানো হবে এবং লোহার গ্রিল দিয়ে দেয়া হবে। তখন আর পুকুরটিতে কেউ ময়লা ফেলতে পারবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন