বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধারা
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৮:১২ পিএম
সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধারা শনিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে ৭ই মার্চের ভাষনের আদলে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
পরে তারা ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা এবং আগামী ১৭ই মার্চ মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সকালে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে মুক্তিযোদ্ধারা কেক কাটবেন। এছাড়া দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক সহকারি কমান্ডার জাহিদ হোসেন খোকা, আব্দুল বাতেন মোল্লা ও মফিজুল ইসলাম খাঁন, প্রবীন মুক্তিযোদ্ধা সামসুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সোনিয়া আক্তার, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য আলেয়া আক্তার প্রমুখ।


