সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে তিন বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণলংকার, মোবাইলসেটসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে।
পরে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী প্রতিহত করলে শিউলী রানী, অজয় বিশ্বাস, শিল্পী রানী, অপু বিশ্বাস, দিগন্ত বিশ্বাস, শান্ত বিশ্বাস ও রাজিব চন্দ্র বিশ্বাস নামে ৮জনকে কুপিয়ে আহত করে।
এক পর্যায়ে দৌড়ে পালাতে দিতে গিয়ে মিজান নামের এক ডাকাত গাছের সাথে আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়লে তাকে তালতলা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করেছে।
আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে জামপুর ইউনিয়নের হৈটাব গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত মিজান মাদারিপুর জেলার ডাসার থানার বোতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্থ ভবেশ চন্দ্র বিশ্বাস জানান, উপজেলার জামপুর ইউনিয়নের হৈটাব গ্রামে শুক্রবার দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে ১২/১৫ জনের একটি ডাকাত দল প্রথমে রাজিব চন্দ্র বিশ্বাসের বাড়িতে হানা দেয়।
পরে ভবের চন্দ্র বিশ্বাস ও সুমন চন্দ্র বিশ্বাসের ঘরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণলংকার, মোবাইলসেটসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীর রয়েছে।


