রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে দাবীকৃত ৫ লাখ চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে হত্যার হুমকী দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চনপাড়া গ্রামে। ভুক্তভোগী চনপাড়া গ্রামের মোবাইল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ও তার ভাই ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার চনপাড়া পূণর্বাসন কেন্দ্রের চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মালেক ও তার স্ত্রী মাদক সম্রাট নুরুন নাহার তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল।
শনিবার সকালে চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মালেক ও তার স্ত্রী মাদক সম্রাট নুরুন নাহার ৫/৬ জন সন্ত্রাসীকে সাথে নিয়ে অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে মোবাইল ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ও তার ভাই ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের বাড়িতে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।
এ সময় ব্যবসায়ী হাবিব ও ফারুক সন্ত্রাসীদের দাবীকৃত ৫ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মালেক ও তার স্ত্রী মাদক সম্রাট নুরুন নাহার আগামী ৩ দিনের মধ্যে তাদের দাবীকৃত ৫ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসায়ী হাবিব ও ফারুককে হত্যা করে শীতলক্ষায় ভাসিয়ে দেয়া হবে বলে হুমকী দেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


