যুবলীগ নেতা শাহীনসহ নিহত পাঁচজনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ১২:১১ এএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলম ও যুবলীগ নেতা ফরিদ মিয়াসহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বাদ জুম্মা উত্তর কাশীপুর, দেওয়ানবাড়ী, হাজীপাড়া, শান্তিনগর, মধুবাগ, আলীপাড়া, ভোলাইলসহ কাশীপুর ইউনিয়নের প্রায় শতাধিক মসজিদে শাহীন আলমের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ও সমর্থকদের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
প্রসঙ্গত, গত রোববার কুয়াকাটা থেকে নারায়ণগঞ্জে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গোপালগঞ্জের মোকসেদপুরে সড়কের খাদে পড়ে কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলম, তার বন্ধু একই এলাকার হারুন অর রশিদের ছেলে ফরিদ মিয়া, শহরের পাঠানতলীর মৃত মফিজুল ইসলামের ছেলে খোরশেদ আলম খোকন, পুলিশ লাইনস আফাজ নগরের রশিদের ছেলে মাসুদ, নতুন কোর্ট এলাকার কাশেম মিয়ার ছেলে মান্নান নিহত হন।
উল্লেখ্য, কাশীপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের যুবলীগের সভাপতি হলেও শাহীন আলমের বিশাল কর্মীবাহিনী ছিল। আওয়ামী লীগের ক্রান্তি সময়ে নানা নির্যাতনের শিকার হলেও দলের স্বার্থে কাজ করেছেন তিনি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম ওসমানকের পক্ষে নির্বাচনী প্রচারণায় কাশীপুরে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন শাহীন আলম।


