আড়াইহাজার পৌরসভায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ, নিধনে নেই কোনো পদক্ষেপ
প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১১:২৮ পিএম
আড়াই হাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজার পৌরসভায় বার্ষিক বাজেটে মশা নিধনের অর্থ বরাদ্দ থাকলেও ছিটানো হচ্ছে না ঔষধ। দিন কিংবা রাত মশার কাড়মে জনজীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। সন্ধ্যা হলে মশার যন্ত্রণা বেড়ে যাচ্ছে কয়েকগুণ। কয়েক মাস ধরে যন্ত্রণা পোহালেও পৌরসভা কর্তৃপক্ষ এ পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি। এতে অনেকেই ক্ষোভ জেরেছেন।
শুক্রবার (৬ মার্চ) পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমনই চিত্র দেখা গেছে। পৌরসভাবাসীদের অনেকেই জানান, এ বছর মশার উৎপাত অনেক বেশি। শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না। নানা প্রকার ব্যবস্থা নিয়েও মশার যন্ত্রণা থেকে রেহাই মিলছে না। এতে অনেকেই নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুল নামে এক ব্যক্তি বলেন, এ বছর মশার যন্ত্রণায় আমরা রাতে ঘুমাতে পারছি না। আমাদের কষ্ট কেউ বুঝে না। পৌরসভার মেয়র ভোটের সময় এসে নানা মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে থাকেন। তিনি সামান্য মশা নিধনে কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাত কিংবা দিন মশার যন্ত্রণায় বসবাস করাটাই কষ্টকর হয়ে পড়েছে।
তিনি বলেন, বিগত বছর থেকে এ পর্যন্ত কোনো মেয়রই মশা নিধনের কোনো ব্যবস্থা নেয়নি। অথচ বছর বছর বাড়ানো হচ্ছে পৌর টেক্স। পৌরসভার বিভিন্ন এলাকায় আদায় করা হচ্ছে সড়কে টোল। শিবপুর এলাকায় প্রতিদিন অটো রিকশা থেকে মোটা অংকের টোল আদায় করা হচ্ছে।
৯ নং ওয়ার্ডের আসানউল্যাহ বলেন, সন্ধ্যা হলে বেড়ে যায় মশার উপদ্রব। মশার কারণে কোনো কাজ কর্ম করা যাচ্ছে না। এতে বিভিন্ন রোগব্যাধি হতে পারে। মশার ম্প্রে ও কয়েল ব্যবহার করেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী বলেন, গত দুই দিন থেকে পৌরসভা এলাকায় মশার ঔষধ ছিটনো হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ঔষধ দেয়া হবে। এ পক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।


