নাসিক ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করেইট-পাথরের স্তুপ : জনদুর্ভোগ
প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১১:১৫ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নাসিক ১ নং ওয়ার্ডের দক্ষিণ হিরাঝিল মক্কীনগর এলাকায় রাস্তার উপর ইটা পাথরের স্তুপ রেখে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।স্থানীয় কতিপয় প্রভাবশালীদের মদদে আব্দুর রহিম নামে এক ব্যক্তি তার বাড়ির কাজের জন্য গত মঙ্গলবার মধ্যরাতে ট্রাক যোগে ইটা এনে রাস্তার উপর রেখেছেব বলে অভিযোগ পাওয়া গেছে।
মানুষ ও যানবাহন চলাচলের ১২ ফুট রাস্তার উপর ইটা রাখার কারণে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তি বহুতল ভবনের কাজ করছে দীর্ঘ ৬ মাস ধরে। এভাবেই রাস্তা বন্ধ করে রাস্তার উপর ইটা, বালু, পাথর রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।
এছাড়া একই রাস্তার দক্ষিণ পাশে এনায়েত উল¬্যাহর বাড়ির সামনে গত ২ মাস ধরে কয়েক হাজার ইটা রাস্তার উপর রাখার কারণে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টায় দক্ষিণ হিরাঝিল মক্কীনগর এলাকার মানিক মিয়ার ম্যাচের পশ্চিম পাশের সিটি করপোরেশনের রাস্তার এমন দৃশ্য দেখা গেছে।
পাইলিং এর মালপত্র, ইটা, বালু, পাথরসহ বিভিন্ন মালপত্র নির্মাণাধীন একাধিক বাড়ির মালিক এলাকার কতিপয় প্রভাবশালীদের যোগসাজশে এ ধরনের সমাজ বর্হিভুত কর্মকাণ্ড করছে বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া সিটি করপোরেশনের এ রাস্তার উপর বহুতল ভবনে ব্যবহারের রড ফেলে বড় বড় শাবল দিয়ে বাকা রড পিটিয়ে সোজা করার কারণে রাস্তার স্থায়ীত্বও কমে যাচেছ।
প্রভাবশালীরা এই সকল বহুতল ভবন নির্মাণ কাজের ঠিকাদারী নেওয়ার কারণে মিস্ত্রীরা এই কাজগুলো করছে। যার কারণে এলাকাবাসী এ সকল অন্যায় দেখেও মুখ বুঝে সহ্য করছে।
নতুন নতুন বহুতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজও এই রাস্তার মধ্যে করার কারণে সকল ময়লা ও বালু সিমেন্ট মিশ্রণ পানি ড্রেনের মধ্যে পড়ে ড্রেন গুলো ভরাট হয়েছে এবং সিমেন্ট ও বালু মিশ্রিত পানির কারণে ড্রেনের মধ্যে জমাট বেঁধেছে।
যার কারণে এই রাস্তার ড্রেন দিয়ে পানি কোন দিকে যেতে পারছেনা। বাসা বাড়ির বাথরুমের পানি ড্রেনে যেতে না পেরে উল্টা বাথরুমেই ফিরে আসছে। তাছাড়া ড্রেন গুলো নির্মাণের সময় ড্রেনের বিভিন্ন স্থানে ঠিকাদারের লোকজন বালুবোঝাই সিমেন্টের বস্তা দিয়ে বাঁধ দিয়েছিল তাদের কাজের সুবিধার্থে।
কিন্তু ড্রেন নির্মাণের পর ওই বালু ভারা বস্তার বাঁধ গুলো উঠায়নি। ড্রেন ময়লা আবর্জনা, বালু সিমেন্ট মিশ্রণের পানির কারণে ড্রেন বন্ধ হয়ে আছে।
এদিকে রাস্তার উপর ইটা বালু রেখে রাস্তা বন্ধ করণ সম্পর্কে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন এ ব্যাপারে সিটি মেয়রের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


