যুগের চিন্তা রিপোর্ট : ভূলবশত হাত বাড়ালেই ৩৩ কেভি বৈদ্যুতিক তারের সাথে ঝুলে থাকতে হবে। জীবনের ঝুঁকি নিয়েও চলাচল ও বসবাস করছে এলাকাবাসী। বাশেঁর খুঁটি হেলে পড়েছে ৩৩ কেভি তার বাসাবাড়ির উপর।
শুধু তাই নয় বৈদ্যুতিক এ খুটির তারগুলো মাটি থেকে ৪/৫ ফুট উপরে অবস্থান করছে। এর প্রতিকার চেয়ে কোন সুরাহা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে তা সত্বেও পরিবার পরিজন নিয়ে বসবাস করছে মানুষ। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া মেট্রো গার্মেন্টস এর পিছনের ঘটনা।
সরেজমিন ঘুরে দেখা যায়, ৩৩ কেভি ভোল্টেজ এর বৈদ্যুতিক তার একেবারে নিচে পড়ে আছে। কেউ ভূলবশত হাত দিলে মৃত্যুকে বরণ করা ছাড়া আর উপায় নেই। আগে স্থাপিত খুটি ভেংগে গেছে। বাশেঁর খুটি দিয়ে রক্ষার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোরশেদা বেগম, শফিকুল ইসলাম, ইমরান, হারুন, মনির হাসেন, তাসলিমা, শাহাবুদ্দিন লিটন, সোহেল জানান, আমরা চরম আতংকের মধ্যে দিনযাপন করছি। কখন যে দূর্ঘটনা ঘটে যায় সেই ভয়ে থাকি। আমরা গরীব মানুষ কার কাছে গেলে প্রতিকার পাবো তাও জানিনা।
অতিদ্রুত ৩৩ কেভি হাই ভোল্টেজ পাওয়ার তার সড়িয়ে বা উচু করে দেয়া উচিত। নইলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। তাই ডেসাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


