রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে আবু জাহিদ নামে এক শিক্ষককে আটকে রেখে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ মার্চ) রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৩ মার্চ) রাতে ঐ শিক্ষক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
আবু জাহিদ অভিযোগ করেন, তিনি রূপসী বাগবাড়ি এলাকার সূজনের মেয়েকে তার বাড়িতে গত ১ বছর ধরে প্রাইভেট পড়িয়ে আসছেন। সূজনের স্ত্রী স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর ব্যাপারে তিনি সহযোগীতা করছেন বলে অপবাদ দেয়।
এর জের ধরে গত ১ মার্চ রাতে সূজন ও তার সহযোগী শাহাদাত তাকে (আবু জাহিদ) কে ডেকে নিয়ে রূপসী কলাবাগান একটি বাড়িতে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
এক পর্যায়ে সূজন তাকে ধারালো ছোড়া দিয়ে আঘাত করে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে অভিযুক্ত সূজনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


