ছাত্রলীগের মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৫:৩০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার করে সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আড়াইহাজার থানা ছাত্রলীগ। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে আড়াইহাজার শহীদ মিনার চত্ত্বরে এ মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা রাকিবকে নৃসংশভাবে হত্যা করেছে বলে দাবি করেন।
আড়াইহাজার থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলের নেতৃত্বে মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি রাজু, জিএস আয়োবুর রহমান, এজিএস ইকবাল, কলেজ শাখা সভাপতি রমজান, সাধারণ সম্পাদক ফয়সাল, সাবেক ভিপি আমীর হোসেন, সাবেক এজিএস ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি সোহান ঢালী, সাবেক জিএস সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা নির্জল, উপজেলা ছাত্রলীগের সদস্য অপুসহ পৌরসভা ও ইউপি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে জুয়েল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে আমাদের ওপর হামলা, এটা হতে পারে না। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের একটি দাবি আপনারা জামায়াত-বিএনপির হাত থেকে ছাত্রলীগকে রক্ষা করবেন।
সাবেক ভিপি আমীর হোসেন বলেন, ১৯৪৮ সালের ৪ষ্ঠা জানুয়ারি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে থেকেছে। ছাত্রলীগের ভালো কাজের বাহবা কেউ দিতে চায় না। আমরা যখন কোনো ভুল করে ফেলি, তখন ভাইরাল হয়ে যায়। আমাদের ভালো কাজ ভাইরাল হয় না। আমি আমাদের দুইভাইকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাই।
সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোনো বিএনপির প্রেতাত্মারা থাকতে পারবে না। আমি বলতে চাই, তাদের দ্বারা আর কত ছাত্রলীগ নেতা প্রাণ দিবেন। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বিচার দাবি করছি।
প্রতিবাদ সমাবেশ শেষে মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভন্ন সড়ক প্রদিক্ষণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।


