স্টাফ রিপোর্টার : ফের বসত বাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ফতুল্লার আকবর নগরের প্রতাপ নগর এলাকায়। নিহত জয়নাল মন্ডলের আত্মীয় ইব্রাহিম মন্ডলের ভাগ্নি জামাই কাশেমের দোকান ও আনারের বসত ঘরে,অজ্ঞাত ব্যাক্তিরা অগ্নি সংযোগ করেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী,জয়নাল হত্যা মামলা তুলে নিতে সামেদ আলী ও রহিম হাজীর পক্ষের লোকজন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। অপরদিকে সামেদ আলীর পক্ষের লোকজনদের দাবী, কাশেম নেতার ইন্দনেই ইব্রাহিম মন্ডল প্রতিপক্ষকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছে।
তবে এলাকাবাসীর দাবী,বারবার প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ,লুটপাট শুধুমাত্র আধিপত্য বিস্তারের জন্যই। তবে এর মধ্যে তৃতীয় পক্ষের বড় ধরনের স্বার্থ জড়িত থাকায় আকবরনগরবাসী সহযে রাহু মুক্ত হতে পারবে না বলেও মনে করেন তারা।
বক্তাবলীর আকবরনগর ও এর আশপাশের কয়েকটি এলাকায় লুটপাট,ভুমিদস্যুতা,ইটভাটা থেকে চাঁদাবাজী জেনো নিত্য দিনের রুটিন। স্থানীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে বছরের পর বছর সংবাদ প্রকাশিত হওয়ার পরও কার্যকরী কোন পদক্ষেপ কেউ নিতে পারেনি না। অদৃশ্য শিঁকলে বন্দী হয়ে আছে আকবর নগরের শান্তি। এমন দাবী এলাকাবাসীর।
ইটভাটায় জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার পর থেকে আকবর নগর এলাকার শান্তি নেই বল্লেই চলে। মুষ্টিমেয় লোকজন দলের লেবাস গায়ে লাগিয়ে আকবর নগর,প্রতাপনগর,উত্তর গোপালনগর ও সিপাই আটি এলাকায় চালিয়ে যাচ্ছে তান্ডব।
সর্বশেষ জয়নাল হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সামেদ আলী ও তার ছেলে এবং তাদের পুরো বাহিনীর সদস্যদের আসামী করে,জয়নালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। হত্যাকান্ডের পর থেকে রহিম হাজী নিহত জয়নালের স্বজনদের পক্ষ নেয়। হত্যাকান্ডকে পুঁজি করে সামেদ আলীর ইটভাটা থেকে ইট ও ট্রলার লুটপাটের ঘটনা ঘটনান।
সেই সাথে একাধিক মামলাও সামেদ আলী ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে করে রহিম হাজীর লোকজন। এলাকা ছাড়া হয়েছিল সামেদ আলী ও তার স্বজনরা। সম্প্রতি সামেদ-রহিমের মধ্যে স্থানীয় চেয়ারম্যান শওকত আলী,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনসহ শীর্ষ নেতৃবৃন্দ একটি আপোষ করিয়ে দেন।
আর এ আপোষ করিয়ে দেয়ার পর পরই জয়নাল হত্যা মামলাটি তুলে নিতে নিহতের স্বজনদের চাপ দিতে থাকে সামেদ আলী ও রহিম হাজী। এক পর্যায়ে জয়নালের আত্মীয় ইব্রাহিম মন্ডলের বাড়ি ঘরে হামলা ও ভাংচূরের ঘটনা ঘটায় সামেদ আলী ও রহিম হাজীর বাহিনী । এলাকা ছাড়া হয় মন্ডল বংশের লোকজন।
এরই মধ্যে ইব্রাহিম মন্ডলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ইমন নামে এক যুবকের স্বীকারোক্তিতে বেশি সুবিধা করতে পারেনি ইব্রাহিম মন্ডলের পরিবার। সামেদ আলীর লোকজনদের দাবী, মামলায় ফাঁসাতে ইব্রাহিম মন্ডল তার রান্না ঘরে নিজেই আগুন দিয়েছে। অপরদিকে ইব্রাহিম মন্ডলের দাবী, বাড়িতে আগুন দেয়ার পর একজন যুবককে ভয় ভীতি দেখিয়ে অসত্য স্বাক্ষী দাড় করিয়েছে সামেদ আলী।
এলাকাবাসী বলেন,রোববার দিবাগত রাতে ইব্রাহিম মন্ডলের ভাগনি জামাই কাশেম ও অপর আত্মীয় আনারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভায়। এ অগ্নিকান্ড জয়নাল হত্যা মামলা তুলে নিতেই সামেদ আলীর নির্দেশে তার লোকজন করেছে বলে দাবীও করেছেন নিহতের স্বজনরা।
অপরদিকে সামেদ আলীর পক্ষের দাবী,প্রতিপক্ষকে ফাঁসাতেই ইব্রাহিম মন্ডল আগুন আগুন নাটক করে বারবার।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা যে করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।


