যুগের চিন্তা রিপোর্ট : সোনারগাঁ সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উৎসবে নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে ক্যাম্পাস প্রাঙ্গণ।
‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ এই স্লোগানে শনিবার (২৯ ফেব্রয়ারি) সকাল থেকে দিনব্যাপী নবীন-প্রবীণের আড্ডা, সেলফি আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের এক সাথে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন সতীর্থরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল ইসলাম চৌধুরী নওফেল বলেন, সুবর্ণ জয়ন্তির উৎসব যখন আমরা পালন করছি সেই বছরটি হচ্ছে মুজিব বর্ষ। তাই তিনি মুজিব বর্ষকে সামনে রেখে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটি তহবিল গঠন করে শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের চলমান অর্থনৈতিক ব্যবস্থায় একজন শিক্ষার্থী অনার্স কিংবা মাস্টার্স পাশ করে চাকরি পাচ্ছে না। তাদেরকে যদি কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা তাদের শিক্ষাজীবন শেষ করে জীবন-জীবিকা অবদান রাখতে পারবে। আর এই কাজটি করতে পারলে মুজিববর্ষে সবচেয়ে বড় কাজ হবে বলে তিনি মনে করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক সুবর্ণজয়ন্তী উৎসবকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করার ক্ষেত্রে গুরুতপূর্ণ।
তিনি বলেন, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে গতানুগতিক বা সনদ অর্জনের শিক্ষা গ্রহণ না করে মানুষের মতো মানুষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা অর্জন করতে পারে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাই।
সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দিতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। পুরনো বন্ধুদের জড়িয়ে ধরে একে অপরের সাথে স্মৃতিচারণ করে পেছনে ফিরে যান তাদের শিক্ষা জীবনের ক্লাশ রুমের মধুর স্মৃতিতে।
বাংলাদেশের বেসরকারিখাতে সবচেয়ে বড় এয়ারলাইন্স কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্ণধার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সহযোগিতায় উদযাপন করা হয়েছে সোনারগাঁ সরকারি কলেজের এ সুবর্ণ জয়ন্তী উৎসব। উৎসবটি সফলভাবে উদযাপন করতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তিনি।
সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট সাজেদ আলী মিয়া ১৯৬৯ সালে প্রতিষ্ঠা করেন সোনারগাঁ ডিগ্রি কলেজটি। পরবর্তীতে ২০১৯ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। দীর্ঘ ৫০ বছরে এই কলেজ থেকে কৃতিত্বের সাথে বের হয়ে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা দেশের ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় হয়ে নেতৃত্ব দিয়ে আসছেন। সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে দিনব্যাপী সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


