স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, প্রতি বছরই আমরা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস সমরক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে উদযাপন করে থাকি। কিন্তু এ বছরেরটা একটু স্পেশাল। এ বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী । সরকার এ বছরকে মুজিব বর্ষ ঘোষণা করেছেন।
তিনি বলেন, যে কোন ভালো কাজ করতে গেলে সমস্যা আসবেই। আর যেখানে সমস্যা থাকবে সেখানে সমাধানও হবে। সেই সমাধানের জন্যই আজকে আলোচনায় বসা হয়েছে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী অবশ্যই স্মরনীয় করে রাখার মত পালন করতে হবে। বাধা, সমস্যা আসবেই। সমস্যা সমাধানে আপনাদের সকলের সহযোগীতা চাই।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বন্দর খেয়াঘাট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। ভবিষ্যত প্রজন্ম তৈরি হচ্ছে। দেখা যাবে ভবিষ্যতে আমরাই তাদের সাথে কথা বলতে গিয়ে হিমশিম খাবো। এখন যারা ৪০ বছরের উর্ধ্বে আছেন তারা অনেকেই বঙ্গবন্ধু সম্পর্কে জানেন না। ৭৫ এর পর ২৫টি বছর বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। জামায়াতে ইসলামীর লোকজন তাদের লোকজনদের বিভিন্ন কলেজ মাদ্রাসায় পড়িয়ে দেশের বিভিন্ন স্থানে তাদের লোকজন বসিয়ে রেখেছে। তারাই হয়তো আমাদের আশেপাশেই আছে তারাই সমস্যা করার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আমি ডাকলে ওরা অবশ্যই আসবে। কিন্তু সমস্যার কথা বলে যদি আপনারা নিজেদের গুটিয়ে রাখেন তাহলে জামায়াতের সাথে আপনাদের তফাৎ কোথায় ?
বন্দর উপজেলা আওয়ামীলীরে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারী ভাইস চেয়ারম্যান ছালিমা বেগম শান্তা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ক.ম নুরুল আমিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


