ফতুল্লা আ’লীগের খসড়া কমিটি, বাদ যাবেন আগের কমিটির অনেকেই
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের কমিটি নিয়ে চলছে নানা টানা-পোড়েন। বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ কমিটিতে থাকার অভিপ্রায় ব্যক্ত করছেন জোরালোভাবেই। সেক্ষেত্রে কমিটির খসড়া করলেও সেই কমিটি গঠন হওয়ার পর তা নেতাকর্মীদের মধ্যে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও চলছে নানা হিসেব নিকেষ। যদিও বাদল-শওকত ইতিমধ্যে কমিটির একটি খসড়া করে রেখেছেন।
তবে তা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হাতে যাওয়ার পর তা সংশোধন হবে বলেও জানিয়েছেন একটি সূত্র। অপরদিকে, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক কমিটির অনেক নেতা কমিটি থেকে বাদ পড়ার আশংকায় একাধিক বলয় বিভিন্ন স্থানে করছেন গোপন বৈঠক। গোপন বৈঠকের ফলাফল দিনের আলোতে পাওয়া যাবে কী না এ নিয়ে সন্দেহ দানা বেধেছে।
দীর্ঘ ১ যুগেরও বেশি সময় পর ফতুল্লা থানা আওয়ামী লীগের কাউন্সিল গতবছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। আর এই কাউন্সিলে সভাপতি হিসেবে এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক হিসেবে এম শওকত আলী জয়লাভ করেন। এই কাউন্সিল নিয়ে বিতর্ক থাকলেও নীরব ভুমিকায় রয়েছে নেতাকর্মীরা। কমিটির পূর্ণাঙ্গ রূপ দিতে ইতিমধ্যে বাদল-শওকত একটি খসড়া কমিটিও করেছেন।
আর এই খসড়া কমিটি থেকে বাদল-শওকতের বিরুদ্ধাচারণকারীদের বাদ রাখা হয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র। যারা সাংগঠনিক বিষয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করেন তাদের বাদের বিষয়টি তারা মাথায় রেখেই খসড়া করেছেন এমনটিও সূত্রের দাবি। অপরদিকে কেন্দ্র থেকেই দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারেও তাগিদ রয়েছে বলে জানা গেছে।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতা বলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী তাদের মনগড়া কমিটি করার চেষ্টা করছেন। তারা যদি মনগড়া কমিটি করে তাহলে ফতুল্লা থানা আওয়ামী লীগের করুণ পরিণতি হবে। সাংসদ শামীম ওসমানের কাছে তারা তাদের মনগড়া কমিটি দিলে সেই কমিটি সাংসদ কতোটা গ্রহণ করেন সেটাও দেখার বিষয়।
এ ব্যাপারে এম শওকত আলী বলেন, দীর্ঘ কয়েক বছরে ফতুল্লার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে অনেক কর্মী থানা কমিটিতে আসার যোগ্যতা অর্জন করেছে। আবার পুরাতন কমিটির অনেকে থানা কমিটিতে থাকতে চাচ্ছেন না। সেই দিকটা লক্ষ্য করেই কমিটির খসড়া করা হয়েছে। তবে এই পূর্ণাঙ্গ কমিটি করা যতটা সহজ মনে করা হচ্ছে তা মোটেও সহজ নয়। যোজন বিয়োজন করেই আশা করি অল্প সময়ের মধ্যেই ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবো। খসড়া কমিটিকে পূর্ণাঙ্গ রুপ দেবেন জেলা কমিটি।


