Logo
Logo
×

নগরের বাইরে

সৈয়দপুরে সরকারি হালট দখল করে মাটি দিয়ে ভরাট’র অভিযোগ

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ পিএম

সৈয়দপুরে সরকারি হালট দখল করে মাটি দিয়ে ভরাট’র অভিযোগ
Swapno

শহর প্রতিনিধি : সদর উপজেলার গোগনগর নতুন সৈয়দপুর এলাকায় পেট্রোল পাম্পের সামনে একটি সরকারি হালট দখলের অভিযোগ উঠেছে হাজী আনোয়ার হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। গত দুই বছর ধরে নিজের দখলে রাখা সরকারি হালটটি সম্প্রতি মাটি দিয়ে ভরাট করছে ওই প্রভাবশালী। 


সূত্রে জানা গেছে, গত দুই বছর পূর্বে প্রথম সরকারি হালটটি নিজের দখলে নিয়ে নেন হাজী আনোয়ার হোসেন। বিষয়টি নিয়ে তৎকালীন সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান, সদর ভূমি অফিস, সদর মডেল থানা এবং গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছিল স্থানীয় ইউপি মেম্বারগণ। 


পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সরকারি সড়ক উদ্ধারে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের দারস্থ হলে তিনি গোগনগরের স্থানীয় ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সালাউদ্দিন মন্ডলকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন।

 

এরপর সালিশের মাধ্যমে সরকারি হালটের ১২ ফুট সড়ক স্থানীয়দের যাতায়তের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত হলেও বিষয়টি তোয়াক্কা করেননি প্রভাবশালী আনোয়ার হোসেন। 


ওই সালিশে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, তার ভাই সমাজ সেবক ফজর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন বলে জানায় সূত্রটি।

 

উল্টো সড়ক উদ্ধারে সমর্থন করায় গোগনগর ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রভাবশালী আনোয়ার হোসেন। মামলাটি এখনো চলমান রয়েছে।


এদিকে সম্প্রতি সরকারি হালটটি মাটি দিয়ে ভরাট করছে প্রভাবশালী আনোয়ার হোসেন। স্থানয়ীরা জানায়, যার উপড় সড়কটি বে-দখল মুক্ত করতে মীমাংসার দায়িত্ব দেয়া হয়েছিল, সেই সালাউদ্দিন মন্ডল প্রভাবশালীদের সাথে আতাঁত করে তাদের সড়ক দখলে সহযোগীতা করছে।


স্থানীয়রা আরো জানায়, সরকারি নকশা ও সিএস, এসএ, আরএস এবং বিআরএস পর্চাতেও সরকারি হালটটির অস্তিত্ব রয়েছে। তবে সেটিকে নিজের জমি দাবি করে সেটা দখলের পায়তারা করছে প্রভাবশালী আনোয়ার হোসেন।


এবিষয়ে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, বিষয়টি নিয়ে সালিশ হয়েছিল এবং ১২ ফুট সড়ক উন্মুক্ত করারও সিদ্ধান্ত হয়। তবে জায়গাটি এখন ভরাট হচ্ছে কি না আমি জানি না। বিষয়টি আমি দেখবো।


এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন