যুগের চিন্তা রিপোর্ট : রূপগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার কালনী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে (ঢাকা বাইপাস) এ ঘটনা ঘটে। র্যাব-১ সিপিসি-৩ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ২৯৬ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ধারনা করা হচ্ছে, নিহত ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী।
মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে একটি প্রাইভেটকার গাজীপুরের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে এশিয়ান হাইওয়ের কালনী এলাকায় র্যাব-১ এর একটি চেকপোস্ট বাসানো হয়। রাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার চেকপোস্ট অতিক্রম করার সময় থামাতে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়ি না থামিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে কালনী এলাকায় পূর্বাচল ২২নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা কবরস্থানের পাশের সড়কে প্রাইভেটকার রেখে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। সকাল ১০টায় মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় বেলা ৩টায় র্যাব বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।


