স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে বাবা হত্যা মামলার আসামিকে গ্রেফতারের জের ধরে নিহতের ছেলে মোহাম্মদ রনি (২৪) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহতের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আহতের বোন জোছনা বেগম বাদী হয়ে স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন (২৫) কে প্রধান আসামী করে ১১জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
অন্য আসামীরা হল-কালাপাহাড়িয়া ইউনিয়নের ইউনুছ (২৭),জুয়েল(২৩), ইয়াছিন (২৪), হালিম (২৪),শামীম (২২),আলামীন (২৪), আমিনুর (৩০),হামিদ (৪০) আলী হোসেন (২৮) ও আবুল বাশার (২৩)। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের দাবি, আট বছর আগে রনির পিতা হত্যা মামলায় পুলিশ এক আসামিকে গ্রেফতার করার জেরে এ কাণ্ড ঘটায় তারা। আশঙ্কাজনক অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে খুন হন রব মিয়া। এ ঘটনায় নিহতের ছেলে মাঈন উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি আব্দুল্লাহ্ (২৩) নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ১৮ ফেব্রুয়ারি আড়াইহাজারের ইজারকান্দি নয়াহাঁটি এলাকার মৃত হযরত আলীর ছেলে ও কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইউনুছ আলী, রাসেল, জুয়েল, জাকির, আলী হোসেন, হালিম ও আলামিনসহ ১৫ থেকে ১৬ জনের এক দল সন্ত্রাসী বাদীর বাড়িতে হামলা চালায়। হামলায় এলোপাতাড়ি কুপিয়ে বাদীর স্ত্রী, ছোট ভাই মোহাম্মদ রনি ও মা জাহানারা বেগমকে গুরুতর আহত হয়েছেন। এ সময় বাদীর ছোট ভাই কলেজের শিক্ষার্থী রনির মাথায় উপর্যুপরি আঘাত করাসহ তার বাম হাতের তর্জনীসহ তালু কেটে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এজাহারে সাদ্দামসহ আরো ১১ জনের নাম উল্লেখ্য করে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এমপি নজরুল ইসলাম বাবুর প্রভাব খাটিয়ে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন এ সাদ্দাম হোসেন।
এ বিষয়ে মামলার প্রধান আসামি সভাপতি সাদ্দাম হোসেনের সাথে কথা বললে তিনি নিজেকে নির্দোষ দাবি করে জানান, কে বা কারা রনির ওপর হামলা চালিয়েছে তা আমি জানি না। ঘটনার দিন আমি সাংসদ নজরুল ইসলাম বাবুর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এ ঘটনায় কেন তারা আমাকে জড়িয়েছে তা আমার জানা নেই। আর যারা এ ঘটনা ঘটিয়েছে তারাও ছাত্রলীগের কেউ নয়।একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে ওই মামলায় তাকে জড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি আবদুল্লাহ (২৩) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী এলাকার মৃত রহমত আলীর ছেলে। ২০১২ সালে রব মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় থানায় একটি মামলা করা হয়। ধৃত ব্যক্তি এ মামলায় এজাহার নামীয় আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সে গোপনে নিজ বাড়িতে আসলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশ সোপর্দ করেন।
এ ছাড়াও মামলায় সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত থেকে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


