ভূইয়াপাড়ায় কিশোর গ্যাংয়ের শেল্টারে দিনের বেলায় চুরির ঘটনা বৃদ্ধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৩ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : চোর চক্রের পেছনে পাইকপাড়া-ভূঁইয়াপাড়ার কিশোর গ্যাং কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের চাপে পড়ে মাদকের অপতৎপরতা কমেছে। কিন্তু কিশোর গ্যাং মাদক বিক্রিতে কিছুদিন বিরতি দিয়ে শুরু করেছে চুরি-ছেচড়ামি। এ কারণে নারায়ণগঞ্জ সদর থানার ভূঁইয়াপাড়ায় চোরের উৎপাত বেড়েছে।
গত তিন চারদিনে এলাকার বেশ কয়েকটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। শনিবার বিকেলেও কাজী রুকুনুজ্জামান সবুজ নামের এক ব্যক্তির বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুকুনুজ্জামান সবুজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (১৩ ফেব্রয়ারি) বিকাল ৩ টার দিকে ৪৪৭/২ শাহসুজা রোড ভূইয়াপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত চোরের দল ঘরের ভেতরের আলমারীতে রাখা ৩ ভরি স্বর্ণ, নগদ ৪ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়।
লিখিত অভিযোগের বিবরণে রুকনুজ্জামান সবুজ জানান, শনিবার দুপুর ৩টার দিকে তার মালিকানাধীন বাড়ির লোকজন তালা মেরে অন্য বাসায় যায়। এর ৩০ মিনিট পর তার মেয়ে শ্রদ্ধা (১২) প্রবেশ করার সময় দেখতে পায় দরজার তালা ভাঙ্গা এবং ঘরের ভেতরে থাকা জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। পরবর্তীতে তিনি খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারেন চোর ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন সেট চুরি করে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, চলতি মাসে ভূঁইয়াপাড়া এলাকায় কয়েক দিনের ভেতরে আরও কয়েকটি বাড়িতে দিনের বেলায় চুরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) সাব্বির জানান, চুরির ঘটনাটির অভিযোগ এখনও আমি হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


