ফতুল্লায় ত্রিমুখী প্রেমে যুবক নিখোঁজ, গ্রেপ্তার ২
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:০১ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার দেওভোগ মাদরাসা এলাকার মোখলেছুর রহমান (২২) নামে এক যুবক ১৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। সে পেশায় একজন পোশাক শ্রমিক। নিখোঁজের ঘটনায় মোখলেছুরের পিতা শাহীদুল ইসলাম প্রেমিকা ও তার ফুফাতো ভাইয়ের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকা থেকে অপহরণের অভিযোগে মোখলেছুরের প্রেমিকা ফাতেমা ও রায়হানকে আটক করা হয়। আসামিরা দুসম্পর্কের মামাতো-ফুপাতো ভাই-বোন। পরে শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক মোখলেছুরের সাথে ফাতেমার প্রেমের সম্পর্ক রয়েছে। এদিকে ফাতেমার দুসম্পর্কের ভাই রায়হানও তাকে পছন্দ করে।
মামলার বাদী শাহীদুল ইসলাম জানান, তার ছেলে মোখলেছুর গত বুধবার ফকিরা গার্মেন্টসের সামনের ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে বেতন তুলে আর বাসায় ফেরেনি। ছেলের ফোনে কল করেও পাই নাই। রায়হান ও ফাতেমাই তার ছেলেকে অপহরণ করেছে এমন সন্দেহে জিজ্ঞাসাবাদও করেন। কিন্তু কোন সদুত্তর না পেয়ে থানায় মামলা করেন তিনি।
এদিকে আসামি রায়হানের বোন সীমা জানান, ফাতেমা তাদের দুসম্পর্কের বোন হয়। ফাতেমা ও তার পরিবার গত দুই বছর ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় থাকতো। কয়েকদিন আগে মেয়েরে গ্রামে বিয়ে দিবে বলে নিয়ে যায়। কিন্তু নিখোঁজ মোখলেছুরের সাথে প্রেমের সম্পর্ক থাকায় গ্রাম থেকে গত ১৫ দিন আগে পালিয়ে আসে ফাতেমা। গত কয়েকদিন মাসদাইরের পাকাপুল এলাকায় এক বান্ধবীর কাছে থাকতো সে।
সীমা আরও বলেন, মোখলেছুরের সাথে আমার ভাইয়ের কোন শত্রুতা নাই। তবুও আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হইছে। আমি চাই মোখলেছও ফিরে আসুক আর আমার ভাইও ছাড়া পাক। আমরা নিজেরাও মোখলেছরে খুঁজতাছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম, ত্রিমুখী সম্পর্কের কথা জেনেছি। গত ১৪ তারিখ থেকে মোখলেছুর নিখোঁজ। এ ঘটনায় অপহরণ মামলা করেছে নিখোঁজের পিতা। দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে অপহরণের সত্যতা মিললে নিয়মিত মামলা রুজু করা হবে।


