হত্যা মামলার আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করলো এলাকাবাসী
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০২ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে আবদুল্লাহ (২৩) নামে হত্যা মামলার এক আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবসী। শনিবার (১৫ ফেবব্রুয়ারি) বিকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দীর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আবদুল্লাহ ওই এলাকার এলাকার মৃত রহমত আলীর ছেলে।
কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২ সালে রব মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় থানায় একটি মামলা করা হয়। আবদুল্লাহ এ মামলায় এজাহার নামীয় আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলায় সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
শনিবার গোপনে আবদুল্লাহ তার নিজ বাড়িতে আসলে এলাকাবসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


