মাদক ব্যবসা করে কেউ সিদ্ধিরগঞ্জে থাকতে পারবে না : ওসি ফারুক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০ পিএম
স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক বলেছেন, মাদক ব্যবসা করে কেউ সিদ্ধিরগঞ্জে থাকতে পারবে না।
হয় তাদেরকে মাদক ব্যবসা ছাড়তে হবে নতুবা সিদ্ধিরগঞ্জ ছাড়তে হবে। যারা মাদক ব্যবসা করে কিংবা অসামাজিক কর্মকান্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে তাদের সংখ্যা কম।
সমাজের সবাই সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা কেউ এলাকায় বসবাস করতে পারবে না। তাই আপনারা তাদেরকে বলবেন, হয় মাদক ছাড় নয় এলাকা ছাড়া। একসাথে এ দুটো চলতে পারে না।
বুধবার (১১ ফেব্রুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি বড়বাড়ী এলাকাস্থ মেডিকেল মোড়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ‘‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’’ ‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’’ এ শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিক ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ইয়াছিন মিয়া, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নাসিক ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু প্রমূখ
এসময় কামরুল ফারুক বলেন, আজ থেকে আপনারা শপথ নেন যে, আজ থেকে এ এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না, কোন মাদকসেবী থাকতে পারবে না, কোন ইভটিজিং হবে না, আমরা কেউ বাল্য বিবাহ দিব না, কোন যৌতুক নিব না, কেউ যাতে যৌতুক না নেয় সেজন্য তাকে উৎসাহিত করব।
তাহলেই ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখেরও বেশি মা-বোনের ইজ্জতের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সোনার বাংলা পেয়েছি, সেই সোনার বাংলার মতই দেশটাকে গড়ে তুলতে পারব।
এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা নুর ইসলাম, আওয়ামীলীগ নেতা আমিন উদ্দিন, আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান আবুল, ফজলুল হক, রহমত উল্লাহ, শ্রমিকলীগ নেতা হারুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


