সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু’র উপর সন্ত্রাসী হামলা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ পিএম
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ব্যস্ততম শিমরাইল মোড়ে সন্ত্রাসীদের মহড়া ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনূল হক ভুইয়া রাজু’র উপর হামলার ঘটনায় মার্কেটের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় আতঙ্কিত অনেককে দিক-বিদিক ছুটাছুটি করতে দেখা গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সুগন্ধা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সিব্বির ও তার ভাই জসিমের নের্তৃত্বে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী এ হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিএনপির আমলে তারা উভয়ে বিএনপির ক্যাডার ছিল। তাদের পিঠ বাঁচাতে ও দখলধারীত্ব টিকিয়ে রাখেতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগে প্রবেশ করে ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত বাকী সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সুগন্ধা হসপিটালের সামনে সিকদার অপটিকস নামে একটি চশমার দোকানে বসে দৈনিক পত্রিকা পড়ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগে সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু।
এসময় সিব্বির আহমেদ ও তার ভাই জসিমের নেতৃত্বে , ইফরু, রহিম বাদশা, জয়নাল, ওসমান, কবির, মাসুদ ও ইস্কান্দারসহ ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে আমিনুল হক ভুইয়া রাজুর উপর হামলা চালায়। আমিনুল হক রাজু সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার। এসময় সন্ত্রাসীরা রাজুকে মারধর করে ঠিকাদারী ব্যবসার নগদ ৫ লাখ টাকা ও একটি স্মার্ট ফোন লুটে নেয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, হামলায় নেতৃত্ব দেওয়া সিব্বির আহমেদ ও তার ভাই জসিম চার দলীয় জোট সরকারের আমলে বিএনপি দলীয় সংসদস গিয়াস উদ্দিনের ক্যাডার ছিলো। বিএনপির আমলে ক্ষমতার দাপট দেখিয়ে শিমরাইল মোড়ে সরকারী জমি দখল করে মার্কেটও নির্মাণ করেছেন এ দুই সহোদর।
তাদের দখলধারীত্ব টিকিয়ে রাখেতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মিটিং-মিছিলে অংশ নিয়ে তারা চলে আসে আওয়ামীলীগের ছায়া তলে। বিএনপির কিছু ক্যাডার নিয়ে গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক জানান, রাজুকে মারধরের ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার করা হবে।


