ধর্ষণের ছবি ও ভিডিও ধারন করে ফের ধর্ষণের চেষ্টা, ধর্ষক গ্রেফতার
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ফের অনৈতিক সম্পর্কের চেষ্টার অভিযোগে কাউসার হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়াস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার পরিবারের সাথে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে আসছে। অভিযুক্ত আসামী কাউসার ভুক্তভোগী কিশোরীর পাশের বাসায় বসবাস করে।
আসামী প্রায়শই ওই কিশোরীকে অনুসরণ করত এবং এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করে। এরপর চলতি বছরের ২৩ জানুয়ারি আসামী কৌশলে কিশোরীকে মিজমিজি পশ্চিমপাড়াস্থ তার ফুফুর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটানাটি তার মোবাইলে ছবি তোলে ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে উক্ত অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় অনৈতিক সম্পর্ক করার জন্য চাপ দেয়।
বিষয়টি ভুক্তভোগী তার পরিবারকে জানালে ১০ ফেব্রুয়ারি কিশোরীর পরিবার র্যাব-১১ এর কাছে অভিযোগ করে। পরে অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত আসামী মোঃ কাউসার হোসেনকে গ্রেফতার করে।
এ সময় তার ব্যবহৃত মোবাইলের গ্যালারীতে উক্ত ধর্ষণের ভিডিওচিত্রও পাওয়া গেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ঘটনার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।


