গ্যাসের বকেয়া বিল আদায়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৫ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ ও ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের আজিবপুর, আউলাবন, বাগানবাড়ি ও সিদ্ধিরগঞ্জপুল এলাকায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী বকেয়া বিল আদায়ের নামে আবাসিক গ্রাহকদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। গ্রাহকদের অতিরিক্তি চুলার কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে গ্রাহক প্রতি কৌশলে ১০ থেকে ৫০ হাজার টাকা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া অবৈধগ্যাস সংযোগ গ্রহণকারীদের কাছ থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় মিডিয়াকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে ওই অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত কেটে পড়ে।
ভুক্তভোগী গ্রাহকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্মর্তা পরিচয়দানকারী শাহিন, গিয়াস উদ্দিন, ও কর্মচারী রফিক, খায়ের, শরীফসহ ৭-৮ জন কর্মকর্তা কর্মচারী গ্যাসের বকেয়া বিল আদায়ের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
জানাগেছে, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে উল্লেখিত কর্মকর্মা কর্মচারীদের যোগ সাজশে। সেই সাথে রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাসের চুল। যে সকল গ্রাহক তাদের মাসোয়ারা প্রদান করে তারা দিব্যি অবৈধ চুলা ব্যবহার করছে, আর যারা মাসোয়ারা প্রদান করছেন না কেবল তাদেরকে বকেয়া বিল অভিযানের নামে গ্রাহক প্রতি ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেয় ওই কর্মকর্তা কর্মচারীরা।
অভিযানে থাকা টেকনিশিয়ান খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যেভাবে শুনছেন সেভাবে নয় তবে কিছু কিছু গ্রাহক ভয়ে টাকা দিয়েছে। এ সময়ে তারা কোন পত্রিকায় নিউজ যাতে না হয় সে জন্য মিডিয়াকর্মীদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হন।
নারায়ণগঞ্জ তিতাসগ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের পাঠানো হয়েছে বকেয়া গ্যাস বিল আদায়ের জন্য তারা যদি এভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে থাকে তবে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


