Logo
Logo
×

নগরের বাইরে

আসামিপক্ষের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে জিদানের মা

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০২ পিএম

আসামিপক্ষের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে জিদানের মা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর নবম শ্রেণির কম্পিউটার বিভাগের শিক্ষার্থী এবং সিদ্ধিরগঞ্জের আলোচিত শিশু জিদান হাসান তন্ময় হত্যা মামলার তিন আসামি ইয়াছিন, রাহাত ও সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

 

সোমবার (১০ ফেব্রয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডকৃত আসামি রতন (৩০) সিদ্ধিরগঞ্জ মিজমিজি তালতলা এলাকার শুক্কুর আলীর ছেলে। পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন। 

 

এদিকে, শিশু জিহাদের মা হোসনে আরা বেগম জানান, আসামি পক্ষের লোকজন অনবরত হুমকি ধামকী  দিচ্ছে। এ কারণে পরিবার পরিজন নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি জানান, প্রধান আসামি রতনের মা ও স্ত্রী হুমকী দিয়ে বলেছে, দেখি আপনি কত দূর যেতে পারেন। আমাদেরকে শুধু শুধু হয়রানি করছেন। আমরা আপনাকে দেখে নেব।

 

অপর আসামি ইয়াছিনের মা বলেছে, আপনার ছেলে কারেন্টে মরছে। মানুষরে হয়রানি করছেন। আপনারে দেইক্কা লমু। উচিৎ শিক্ষা দিমু। এসকল হুমকির বাইরেও মামলার প্রধান আসামি রতনের লোকজন মিজমিজি বাতেন পাড়ায়  জিদানের এক খালার বাসায় গিয়ে খোঁজ-খবর নিয়ে তাদেরকে শাসিয়ে আসে। জানতে চেয়েছে জিদানের মা কোথায় থাকে ? এরা কই ? পেলে শায়েস্তা করা হবে।

 

নিহত শিশু জিহাদের মা আরো অভিযোগ করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গৌতম তেওয়ারি তাদের কথা খুব একটা আমলে নেয়না। আসামি পক্ষের লোকজন নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে নির্বিকার।


 
পরিকল্পিত হত্যা 

নিহতর স্বজনরা জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ক্লাব সংলগ্ন পাইনাদী শুক্কুর আলীর ছেলে রতনের সাউন্ড সিস্টেম ও ছোট বাতির দোকান। গত বছরের ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে রতন কাজ করার কথা বলে মিজমিজি মধ্যপাড়া এলাকার বাসিন্দা ফারুক ঢালির ছেলে জিদান হাসান তন্ময়কে নিয়ে যায়। পরেরদিন শুক্রবার সকালে তন্ময়ের বাড়ির সামনে ইজিবাইক দিয়ে নিয়ে তন্ময়ের বাবা ফারুক ঢালীর কাছে লাশ বুঝিয়ে দেয়। এ সময় তন্ময়ের বাবা লাশ বহনকারীদের তার ছেলের মৃত্যুর কারণ জানতে চাইলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে চলে যায়। নিহতের পরিবার ধারণা করে তন্ময়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  অপর দিকে পুলিশ এ মৃত্যুকে আত্মহত্যা বলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ইউডি মামলা রুজু করেছিল। 


 
সুরতহালে তথ্য গোপন  
নিহতের মা হোসনে আরা বেগমের অভিযোগ করেন, পুলিশ আমার ছেলের লাশের সুরতহাল রিপোর্টটিতে তথ্য লুকিয়েছেন। যখন হত্যাকারীরা আমার ছেলের লাশ ফেলে রেখে দিয়ে যায় তখন আমি আমার ছেলের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। তবে পুলিশের সুরতহাল রিপোর্টে সেই আঘাতের বিষয়টি উল্লেখ করেনি। বিষয়টি পরে অস্বীকার করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটা কখনওই সম্ভব না। কারণ আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা হত্যা হোক বা আত্মহত্যা তা  আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থ গ্রহণ করি। এখানে নিহতের পরিবার যে কথা বলছে তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। 


তবে শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি রুজু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বাদীপক্ষ। তাঁরা জিদান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, শেষ পর্যন্ত অপরাধীরা যেন শাস্তি পায়। 

 

উল্লেখ্য, আলোচিত শিশু জিদান হাসান তন্ময় হত্যার ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা রুজু করেছিল সিদ্ধিরগঞ্জ থানা। বাদীপক্ষের তুমুল আপত্তি অগ্রাহ্য করে অপমৃত্যু মামলা নেয়ায় সমালোচনার পাত্র হন ওসি কামরুল ফারুক। বাদীপক্ষ, তাদের আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা সজাগ থাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি’র সব চেষ্টাই ভেস্তে গেছে।

 

জিদান হত্যায় ২৭ ডিসেম্বর প্রথমে অপমৃত্যু (নং ৩৯) মামলা নেয় পুলিশ। এরপর ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ৫ জানুয়ারি অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ‘ক’ আদালত। যার নং-২। এর ১৩ দিন পর ১৭ জানুয়ারি আদালতের নির্দেশে হত্যা মামলাটি রুজু করতে বাধ্য হলেন সিদ্ধিরগঞ্জ থানা। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২২ তাং ১৭/১/২০২০। 

 

ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘মাথায় আঘাতজনিত কারণে রক্তক্ষরণ’। ময়নাতদন্ত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন