শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪১ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : নারায়নগঞ্জ সদর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সদর উপজেলায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল এর রেজা মোঃ গোলাম মাসুম প্রধানকে নির্বাচক মন্ডলীর প্রধান করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন, ২০২০ হলো মুজিববর্ষ। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ কে মুজিববর্ষ ঘোষনা করেছে। এই মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা শুরু হয়েছে।
আমাদের নারায়নগঞ্জ জেলাতেও শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথমে উপজেলা পর্যায় যারা বিজয়ী হবে তারা জেলা পর্যায় পর্যায়ক্রমে নির্বাচিত হলে জাতীয় পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজ নারায়নগঞ্জ উপজেলা পর্যায় যারা অংশগ্রহণ করছো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
জানা যায়, উপজেলা পর্যায়ে যে সকল প্রতিযোগিতা নির্বাচিত হবে সে সকল শিক্ষার্থী জেলা পর্যায়ে অংশ করবে এবং জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
অনুষ্ঠানে নির্বাচক হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গুলসান আরা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএ মালেক ও সংগীত শিক্ষক মোঃ হাবিবুর রহমান।


