শিক্ষার্থীদের কোচিং’র নামে টাকা নেওয়া হচ্ছে : সেলিম ওসমান
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, চারপাশ থেকে আমার কাছে অনেক অভিযোগ আসে। অনেকেই আগ্রহ দিয়ে স্কুলের কমিটিতে আসে। পরে দেখা যায় স্কুলে আসে শুধু মিটিং করতে আর স্কুলের টাকা ব্যয় করে মিটিংয়ে খাওয়া দাওয়া করা হয়।
অনেক এলাকায় কমিটির লোকজন মালামাল স্লাপাই দিতে চেয়ে ঠিকাদারকে চাপ দিয়ে থাকে যার ফলে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ আটকে আছে। কোথাও আবার শিক্ষার্থীদের কোচিংয়ের নামে টাকা নেওয়া হচ্ছে।
এসব কর্মকান্ড সবাইকে বন্ধ করতে হবে। শুধু বড় বড় ভবন বানালেই আমাদের ভবিষ্যত প্রজন্মের উন্নয়ন হবে না। সেগুলো সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করতে হবে। আর এজন্য স্কুল পরিচালনা কমিটি গুলোতে সুশিক্ষিত ব্যক্তিদের এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) নবীগঞ্জ গালর্স স্কুলে নির্মাণাধীন নাসরিন ওসমান ভবনের প্রথম তলার ছাদ ঢালাই ও ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে আলোচনা সভায় এই কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পাশাপাশি তাদের মেধা বিকাশে খেলাধূলা সহ সাংস্কৃতিক কর্মকান্ডের সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
সেই সাথে তাদেরকে হাসিখুশি রাখতে বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দরাই সেটা ব্যবস্থা করতে পারেন এরজন্য স্কুলের ফান্ড থেকে ব্যয় করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়না।
স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারে উদ্বুত্ত করতে হবে। প্রয়োজনে স্কুল গুলো কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
এজন্য সরকারী ভাবে যা সহযোগীতার প্রয়োজন আমার কাছে আবেদন করলে আমি সেটা বাস্তবায়নের ব্যবস্থা করবো। স্কুলে পরিচালনা পর্ষদের মিটিংয়ে কমিটির নেতৃবৃন্দরাই নিজ খরচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন। অথবা খাওয়া দাওয়ার সময়ে কমিটির কোন সভার আয়োজন করবেন না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার মানেই দেশের উন্নয়ন। এই সরকার জনগনের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার যতদিন থাকবে ততদিনই দেশের এবং দেশের মানুষের উন্নয়ন হবে।
এই বছরটিকে সরকার মুজিব বর্ষ ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষে শিক্ষার্থীদের নিয়ে বছর ভরেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
সেটা বঙ্গবন্ধুর উপর রচনা, চিত্রাঙ্গন সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা হতে পারে। আমি প্রতিটি স্কুলের পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি অনুরোধ রাখবো বঙ্গবন্ধুর শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে এই সকল প্রতোযোগীতার আয়োজন করেন। এতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানবে শিখবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে ভবিষ্যতে তারাই দেশ গড়ার দায়িত্ব নিবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, উপজেলা শিক্ষা অধিদপ্তরের নির্বার্হী প্রকৌশলী বদরুল আলম, নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়মা খানম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দরা।


