বন্দরের ২০ নং ওয়ার্ডে সড়কে ময়লার স্তুপ, এলাকাবাসীর ভোগান্তি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০ পিএম
শাহজাহান দোলন : বন্দরের বেশ কয়েকটি ছোট ছোট এলাকা নিয়েই গঠিত হয়েছে নাসিকের ২০ নং ওয়ার্ড। গত কয়েক বছরে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের কারণে আমূল পরিবর্তন এসেছে এই ওয়ার্ডটিতে বসবাসকারী স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দাদের জীবনে।
তবে কিছু সমস্যার জন্য শীতলক্ষ্যার তীরবর্তী এই ওয়ার্ডের বাসীন্দাদের চলার পথে ভোগান্তি, এখনও সঙ্গী হয়ে থাকছে। সড়কে ময়লা আবর্জনার স্তুপ যার মধ্যে অন্যতম।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বন্দরের ২০ নং ওয়ার্ডের মাহমুদ নগর, হাজীপাড়া, দড়ি সোনাকান্দা, ফরাজীকান্দা এবং বেপারী পাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ময়লা অবর্জনায় সয়লাব। এলাকাবাসী জানায়, পর্যাপ্ত ডাস্টবিন না থাকাতে মূল সড়কের পাশেই গৃহাস্থলি ও অন্যান্য ময়লা আবর্জনা ফেলে রাখছে লোকজন।
আবার কোন কোন এলাকায় ডাস্টবিন থাকলেও নিজেদের অসচেতনতার কারণে আবর্জনা পড়ে থাকছে ডাস্টবিনের পাশেই। আর স্থানীয় কাউন্সিলরের উদাসিনতায় দিনের পর দিন রাস্তাতেই এসব আবর্জনা পড়ে থাকে বলে জানায় স্থানীয়রা। ফলে এসব আবর্জনা থেকে সৃষ্ট দূর্গন্ধে অতিষ্ট হয়ে সড়কে নাক চেপেই হাটাচলা করতে হচ্ছে এলাকাবাসীকে।
ভোগান্তির কথা শিকার করে দড়ি সোনাকান্দা এলাকার বাসিন্দা রহমান সিকদার বলেন, আমাদের এই দড়ি সোনাকান্দা এলাকাতে প্রতিদিন বিভিন্ন বাড়িঘরে যেসব ময়লা তৈরী হয় সেগুলো ডাস্টবিন অথবা রাস্তায় ফেলা হলে সিটি করপোরেশন সেগুলো নিয়মিত তুলে নিচ্ছে না। ফলে রাস্তায় ময়লা জমতে জমতে স্তুপ হয়ে যায়। তাই প্রায় সময়তেই আমদের এতে ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এই বিষয়ে আমাদের কাউন্সিলর সাহেবকে জানালে তিনি কোন কর্ণপাত করে না।
মাহমুদ নগর এলাকার রফিকুল ইসলাম বলেন, মেয়র মহাদয় আমাদের এই এলাকাতে ভালো ভালো রাস্তাঘাটসহ অনেক কিছুই করে দিয়েছে। এই রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছেনা।
কারণ পর্যাপ্ত ময়লা ফেলার ডাস্টবিন না থাকাতে লোকজন যেখানে সেখানে ময়লা ফেলে রাখছে। আর সেগুলো নিয়মিত অপসারনও করা হয়না। দুর্গন্ধে আমাদের রাস্তাদিয়ে চলা ফেরা করতে খুব কষ্ট হয়। সিটি করপোরেশন থেকে এই বিষয়ে লোকজকে সচেতন করার জন্য কোন সভাও করা হয়না। আর কাউন্সিলর সাহেবকে তো খুজেই পাওয়া যায়না।
নাসিক ২০নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, আসলে আমাদের কাছে পর্যাপ্ত লোকবল নেই তাই ময়লাগুলো নিয়মিত অপসারণ করা যাচ্ছেনা। আর লোকবল বাড়াতে মেয়র মহাদয়কেতো হুটহাট করে কিছু বলা যায়না। কিন্তু খুব দ্রুতই আমি লোকবল বাড়াতে নাসিকে আবেদন করবো তখন আশা করি এখানে ময়লার সমস্যা আর থাকবে না।


