রূপগঞ্জে সয়াবিন তেলের বর্জ্যে দগ্ধ স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩ পিএম
রূপগগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে রাস্তার পাশে সয়াবিন তেলের বর্জ্যে দগ্ধ হয়ে আশরাফুল হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে রূপসী এলাকার বাবুল মোল্লার ছেলে ও হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রাখা সয়াবিন তেলের বর্জ্যে পড়ে আশরাফুল (১৫) ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নাজিম (১২) গুরুতর দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আশরাফুল।
নিহতের বাবা বাবুল মিয়া জানান, গত ৬ ফেব্রুয়ারি রাস্তা দিয়ে যাওয়ার সময় আশরাফুল ইসলাম গরম সয়াবিনের বর্জ্যে পড়ে যায়। আশরাফুলের ডাক-চিৎকারে বন্ধু নাজিম মিয়া (১৩) বাচাঁতে গেলে সেও বর্জ্যে পড়ে দগ্ধ হয়। পরে পরিবারের লোকজন আশরাফুল ইসলাম ও নাজিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মিয়ার মৃত্যু হয়।
স্থানীয়রা সূত্রে জানা যায়, তারাবো পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল, কাজীরপাড়া এলাকার জাফর কাজী, সাজ্জাত, নোয়াপাড়া এলাকা শাহজাহান ও রাজীব রূপচাঁদা এডিবয়েল অয়েল কারখানা থেকে গরম সয়াবিনের বর্জ্য কিনে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করেন। ইট ভাটায় বিক্রির জন্য এ সয়াবিনের বর্জ্যগুলো বেষ্টনী ছাড়াই রূপসী খন্দকার বাড়ি এলাকায় রাস্তার পাশে এনে রাখেন। এতে বিভিন্ন সময় অনেকেই দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাতে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরিফ হাসান ও ৩ ফেব্রুয়ারি রাতে আফতাব ফিড কারখানার শ্রমিক প্রদীপ চন্দ্র রূপচাঁদা এডিবল ওয়েল কারখানার গরম বর্জ্যে একই স্থানে দগ্ধ হন। গত ২ ফেব্রয়ারী রুমি আক্তার নামে এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর এ বর্জ্যে পড়ে দগ্ধ হন। রুমি আক্তার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মামলা করতে রাজি হয়নি।


