শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর দিকে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ পিএম
আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ আলোর দিকে যাচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অন্ধকারাচ্ছন্ন ছিল। সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আড়াইহাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে।
শুক্রবার বিকালে আড়াইহাজার উপজেলার স্থানীয় খাগকান্দা এলাকায় মেঘনা নদীর পাড়ে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।
স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম, দুপ্তাতারা ইউপি চেয়ারম্যান শাহীদা মোশারফ, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন, বিশ্বন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া, সাবেক ভিপি মোজ্জামেল হক জুয়েল, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি নাহিদুল ইসলাম রাজু, সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা, শফিকুল ইসলাম শরীফ ও আমীর হোসেন প্রমুখ।
স্থানীয় এমপি নজরুল ইসলাম বলেন, খাগকান্দা থেকে গোপালদী বাজার পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ করতে হবে। মেঘনা নদীর পারাপারের জন্য দুইটি ফেরি চালু করতে হবে। আমার আর কোনো দাবী নেই। এই দুটি দাবী আমার এখন সময়ের দাবী। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সফল বাইরে নিতে পারছে না।
এতে তাদের কষ্টের ফসল প্রায় সময় নষ্ট হয়ে যাচ্ছে। মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলো ভাঙ্গণের কবলে পড়ছে। সড়কের সাইড বাধ দিয়ে গ্রামগুলো রক্ষা করতে হবে।
এ সময় স্বাগত বক্তব্যে খাগকান্দা ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, নরসিংদী এলাকার বিভিন্ন ডাইংয়ের অপরিশোধিত পানি মেঘনায় পড়ে পানি মারাত্মকভাবে দূষিত করছে। নদীর পানি কৃষকরা ব্যবহার করতে পারছে না। মাছ খাওয়া যাচ্ছে না। নদীর দূষণের কবল থেকে রক্ষা করতে হবে।


