স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় মারামারির ঘটনায় গ্রীসের বহিস্কৃত যুবলীগ নেতা রিপন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে রিপন ফকিরকে গ্রেফতার করে পুলিশ।এলাকাবাসী জানায়,রিপন ফকির নিজেকে গ্রিসের যুবলীগের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিল অনেক দিন থেকেই।
আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথেও তার বেশ কিছু ছবি রয়েছে। এলাকায় দলের নাম ভাঙ্গিয়ে নানা বিতর্কিত কর্মকান্ড করে আসছিল। ৫ বছর আগে রিপন ফকিরকে গ্রিসের যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে বলেও জানতে পারে এলাকাবাসী।
সম্প্রতি ইসদাইর এলাকায় দলীয় ক্ষমতার প্রভাব বিস্তার কর কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের দায়ের করা মামলায় আদালত রিপন ফকিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ আসলাম হোসেন জানান,রিপন ফকির নামের একজনকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফারকৃত রিপন ফকির ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার রফিক মিয়ার ছেলে।


