মাদক নির্মূলে পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে: ইমরান সিদ্দিকী
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেছেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, জনতার পুলিশ জনতার জন্য কাজ করবে। আপনাদের ভয় পাওয়ার কোন কারন নেই। সমাজের মাদক, সন্ত্রাস, ইভটিজিং রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
পুলিশের একার পক্ষে মাদক, সন্ত্রাস, ইভটিজিং রোধ করা সম্ভব নয়। আপনাদের ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত করতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। ১৬ নং ওয়ার্ডকে মাদকমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই । আগামী ১ মাসের মধ্যে ১৬ নং ওয়ার্ডকে একটি মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে দেখতে চাই ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার আয়োজনে নাসিক ১৬ নং ওয়ার্ডস্থ দেওভোগ পাক্কা রোড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওপেন হাউস দে উম্মুক্ত দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, যদি দিন পর্যন্ত মাদক খাওয়া বন্ধ হবে না তত দিন পর্যন্ত মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূল করতে হলে প্রথমে পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পারিবারিক শিক্ষায় সমাজে বড় হলে সেই ছেলে-মেয়ে কখনো মাদকের সাথে সম্পৃক্ত হবে না। তাই মাদক নির্মূলে পারিবারিক শিক্ষার প্রয়োজন। মাদকাসক্ত ব্যক্তি নিজেকে ভালোবাসে না, সে কি করে তার মা বাবা স্ত্রী সন্তানদের ভালোবাসবে।
এ সময় তিনি সবার উদ্দেশ্য করে বলেন, এই ওয়ার্ডে এতো গুলো সামাজিক সংগঠন থাকার পরও যদি মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চোর এবং ছিনতাইকারী থাকে তাহলে এতো সংগঠন করে কি লাভ। আমরা এতো মামুষ আর ওরা মাত্র কয়েক। ওদেরকে ভয় পেলে চলবে না। আপনারা আমাদেরকে তথ্য দেন কারা এই এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের সাথে জড়িত।
আম কথা দিচ্ছি আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। আর যদি পুলিশকে তথ্য দিতে ভয় পান তাহলে ৯৯৯ নাম্বারে ফোন দিন আমাদেরকে তথ্য দিতে সহযোগিতা করবেন। ওয়ার্ড আপনাদের দায়িত্ব আপনাদের। প্রতিটি বাড়িতে বাড়িতে এবং পাড়া ও মহল্লার সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। বিয়ে ও যেকোনো সামাজিক অনুষ্ঠানে ডিজে পার্টির নামে উচ্চস্বরে গান বাজনা রোধে সবাইকে সচেতন হতে হবে।
নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, মাদক এমন একটা ভয়াবহ রূপ শুধু ১৬ নং ওয়ার্ডে নয়, সারাদেশে তা ছড়িয়ে পড়েছে। যুবকরা মাদকাসক্ত হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও মেয়েদের ইভটিজিং করছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ইভটিজিং রোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিকেএমইএর পরিচালক মোঃ কবির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ১৬ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, ১৬ নং ওয়ার্ড, বিশিষ্ট মুরুব্বি জামাল উদ্দিন কালু, সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ আব্দুল হাইসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


