Logo
Logo
×

নগরের বাইরে

মোবাইলে পরিচয়, আটকে রেখে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৪

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮ পিএম

মোবাইলে পরিচয়, আটকে রেখে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৪
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লায় মোবাইল ফোনে ডেকে এনে আটকের পর নির্যাতন ও  মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে । এ ঘটনায় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার (৪ জানুয়ারি) কামরুল বাদী হয়ে ওই চক্রের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

পুলিশ মামলার সূত্র ধরে ওইদিন দিবাগত রাতে রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 


গ্রেফতারকৃত আসামিরা হলো- ফতুল্লার রামারবাগ পাঁচতলা এলাকার জাকির মিয়ার পাঁচতলা ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত ফজলে করিম ফরাজির ছেলে জাহাঙ্গীর আলম (৪০), একই বাড়ির ভাড়াটিয়া মৃত আনোয়ার হোসেন হাওলাদারের মেয়ে তানিয়া (২৬), শাহজাহান মোল্লার মেয়ে শারমিন (২৩) ও শামসুর আলীর ছেলে মনির (৩২)। 


মামলায় ভুক্তভোগী কামরুল শেখ জানান, কামরুল শেখ (৩৫) পেশায় একজন ট্রাক চালক। তিনি গোপালগঞ্জের  মুকসুদপুর থানাধীন ডংগার দুগ্ধপুর গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক শেখের ছেলে। কাজের সুবাধে ফতুল্লা বাজার এলাকায় বসবাস করে আসছেন। প্রায় ১৫ দিন পূর্বে আসামি তানিয়ার সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় তার। এরপর তানিয়া তার বাসায় কামরুলকে নিমন্ত্রণ করে। 


নিমন্ত্রণ অনুযায়ী তানিয়ার দেয়া তথ্য মতে গত সোমবার বিকেল ৩টার দিকে ফতুল্লার রামারবাগ পাঁচতলা এলাকার জাকির মিয়ার পাঁচতলা ভবনের ৪র্থ তলার ফ্লাট বাসা যায় কামরুল। পরে আসামি জাহাঙ্গীর আলম, তানিয়া, শারমিন ও মনিরসহ অজ্ঞাত আরো ২/৩ জন ওই ফ্লাটেই আটকে ফেলে কামরুলকে। 


এক পর্যায়ে মিথ্যা অপবাদ দিয়ে কামরুলের কাছ থেকে মুক্তিপণস্বরুপ পাঁচ লাখ টাকা দাবি করে আসামিরা। কামরুলকে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়। পরে কামরুল তার গাড়ির হেলপার ভুলুকে বিষয়টি জানালে ভুলু আসামিদের দেয়া বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। কামরুলকে আরো টাকা আনার জন্য মারধর করে আসামিরা।

 

পরে সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে কৌশলে বেরিয়ে আসতে সক্ষম হয় ভুক্তভোগী কামরুল। এই ঘটনায় কামরুল বাদী হয়ে ওই চক্রের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। 

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই প্রতারক চক্রের সদস্য।

 

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন পুরুষদের মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে একই কায়দায় মুক্তিপণ আদায় করে আসছিল বলে স্বীকার করেছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন