Logo
Logo
×

নগরের বাইরে

আকবরনগরে বার বার রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্য

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৮ পিএম

আকবরনগরে বার বার রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্য
Swapno

ফরিদ আহম্মেদ বাধন : চারদিকে নদী বেষ্টিত ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন। এই জনপদের একটি এলাকার নাম আকবরনগর। বর্তমান সময়েও এই এলাকায় চলে টেঁটা বল্লম যুদ্ধ। বিবাদমান পক্ষগুলোর সংঘর্ষে শান্ত জনপদ মাঝে মধ্যেই ‘কুরুক্ষেত্রে’ পরিণত হয়। 

 

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের শেল্টারেই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে থাকে বলেও দাবি এলাকাবাসীর। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতেও তারা পিছ পা হননা। অপরদিকে প্রতিপক্ষকে দমাতে থানা এবং আদালতেও মামলা করে থাকেন তারা। 

 

এই এলাকায় ৯০ দশকের পর থেকে সামেদ আলী হাজী, রহিম হাজী, মোতালেব খা’রা তাণ্ডব চালিয়ে আসছেন। একাধিকবার বক্তাবলী ইউনিয় পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হয়েছেন। স্থানীয় সাংসদ একেএম শামীম ওসমানের কমান্ডও অনেক সময় তারা মানতে নারাজ। 

 

বেশ কয়েক মাস সংঘর্ষ, লুটপাট, অগ্নিকাণ্ডের ঘটনার পর সম্প্রতি সামেদ আলী ও রহিম হাজীর মধ্যে আপোষ হয়ে যায়। এখন সামেদ-রহিম একজোট হয়েছে প্রতিপক্ষকে ঠেকাতে। এর মধ্যে কেরানীগঞ্জের খইল্লার চরের কাশেম নেতা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আকবরনগরের মণ্ডল বংশের উপর এখন একজোট হয়ে হামলা, লুটপাট চালাচ্ছে সামেদ আলী, রহিম হাজী পক্ষ। 

 

এই শত্রুতার আগুণের মধ্যে ফতুল্লা, বক্তাবলী, এনায়েতনগরসহ জেলা আওয়ামী লীগের কিছু নেতা ঘি ঢালেন বলেও দাবি করেছেন আকবর নগরবাসী। থেমে থেমে এই জনপদে সংঘর্ষের ঘটনার পেছনে আসলে কে নাটের গুরু তা নিয়েও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিদের অনেকেই এই অঞ্চলে শান্তি চায়, কিন্তু আসলে কে কতটুকু শান্তি চায় তা নিয়েও সন্দেহ প্রকাশ  করেছেন অনেকে।

 

তথ্য প্রযুক্তির যুগে বাড়ির উঠোনো, ঘরের মেঝেতে এখনো টেঁটা মজুদ করে রাখেন আকবরনগর, প্রতাপ নগর ও উত্তর গোপালনগরের দল (পার্টি) করা লোকজন। এই গ্রামগুলোতে দল বলতে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি নয়। দল বলতে ব্যক্তিকে বুঝানো হয়। চর, ইটভাটা থেকে চাঁদা আদায়, বালু মহাল দখলে দুই পক্ষ প্রকাশ্যে খোলামাঠে মাইর (টেঁটাযুদ্ধ) লাগে। এই মাইরে যে দল হারে তারা স্বেচ্ছায় চর, ইটভাটা ও বালুমহাল থেকে সরে যায়। 

 

শুধু সেক্টরগুলো থেকে সরে যাওয়াই নয়, পরাজিত দলের বাড়ির মধ্যে থাকা গরু, খাসি,ছাগল এমনকি জমির ফসলও লুটতরাজ করে বিজয়ী দল। এমনই চিত্র আকবর নগর এলাকায়। আর তাদের এমন কর্মকাণ্ডে অনেক রাজনৈতিক দলের নেতাদের গোপন সায় থাকে বলে অভিযোগ রয়েছে। তাদের ইন্ধনেই থেমে থেমে গ্রামটিতে চলে সংঘর্ষের ঘটনা।

 

আকবর নগর এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আকবরনগরের যে কয়েকটি দল রয়েছে তাদের প্রত্যেকের হেফাজতে এখনো ৫ থেকে ৬ হাজার টেঁটা রয়েছে। শুধু সংঘর্ষের অপেক্ষায় রয়েছে তারা। সম্প্রতি সামেদ আলী ও রহিম হাজীর পক্ষের লোকজন কাশেম নেতা ও নিহত জয়নাল মণ্ডলের আত্মীয় ইব্রাহিম মণ্ডলের বড়ি-ঘরে হামলা চালিয়ে তাণ্ডব চালিয়েছে। এছাড়াও  ইব্রাহিম মণ্ডলকে গ্রাম ছাড়া এবং বিভিন্ন সেক্টরে চাঁদাবাজী করার জন্য গরু জবাই করে ভূরি ভোজের মাধ্যমে মাঠে নেমেছে তারা। সম্প্রতি প্রতিটি ইটভাটায় একেকটি কাঁচা ইট উৎপাদনের সময় ৩০ পয়সা করে চাঁদা নির্ধারণ করেছে সামেদ ও রহিম  হাজীর বাহিনী এমন অভিযোগ রয়েছে।

 

এলাকাবাসী জানান, সামেদ আলী হাজী একসময় ছিল দিন মজুর। কিন্তু সে এখন আঙ্গুল ফুলে অঢেল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। বর্তমানে বক্তাবলী ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও হয়েছেন তিনি। সেই সুবাদে বক্তাবলীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলীর ঘনিষ্ঠজন। অপরদিকে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানেরও ঘনিষ্ঠজন হিসেবে সামেদ আলীর পরিচিতি রয়েছে।

 

তারা আরো জানান, আকবরনগর এলাকায় প্রায় ২ বছর আগে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সামেদ-রহিমের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।  রহিম হাজীর মূল উদ্দেশ্য ছিল খলিল হত্যা মামলার আসামি মোতালেব খা কে এলাকায় প্রতিষ্ঠা করা। কিন্তু এতে বাধ সাধে সামেদ। শুরু হয় দুই পক্ষের মধ্যে হামলা, মামলা। এর পেছন দিকে থেকে ইন্দন জোগাচ্ছিলেন কেরানীগঞ্জের খইল্লার চরের নেতা নামে খ্যাত কাশেম। এই কাশেম নেতার শেল্টারেই সামেদ আলী আরো বেপরোয়া হয়ে উঠেছিলেন। সামেদ আলী অবাধ্য হওয়ার পর কাশেম নেতা শেল্টার দেয়া শুরু করেন রহিম হাজীকে। এরই সূত্র ধরে কাশেম নেতার মামাতো ভাই ব্যবসায়ী জয়নাল মণ্ডলকে টেঁটাবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করে সামেদ আলী বাহিনীর সদস্যরা বলে অভিযোগ রয়েছে।

 

আকবরনগরে সংঘর্ষের নেপথ্যে 

ইটভাটায় খলিলকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার পর থেকে এলাকা ছাড়া হয় মোতালেক খা নামের এক চাঁদাবাজ। এসময় নিহত খলিলের পক্ষ হয়ে পুরো আকবর নগর এলাকায় সামেদ আলী আধিপত্য বিস্তার করে চলে। তাকে সেই সময় শেল্টার দিয়েছিল কাশেম নেতা। দুই মানিক জোট এক হয়ে পুরো এলাকাটিকে কুরুক্ষেত্র সৃষ্টি করে। এসময় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী ছিলেন ব্যাক সাইটে। পুরো এলাকার নিরীহ মানুষের জমি থেকে জোরপূর্বক মাটি কাটা, বালু মহাল দখল, মাটির কন্ট্রাক্টারিীসবই  বিগত কয়েক বছর ধরে ছিল সামেদ আলীর ও তার বাহিনীর দখলে।

 

প্রায় দুই বছর আগে খলিল হত্যা মামলার আসামি মোতালেব এলাকায় ফিরে আসতে চাইলে এতে বাধ সাধেন সামেদ। আর সামেদ তার রাজত্বে আরেকজনকে তিনি মোটেও ভালভাবে মেনে নিতে পারেনি। আর এ নিয়েই শুরু হয় সামেদ-রহিমের সংঘর্ষ। এরই মধ্যে রহিম হাজী ও তার লোকজন কাশেম নেতার দরবারে গিয়ে শিষ্যত্ববরণ করেন। কাশেমের শেল্টারে সামেদ আলীর উপর রহিম বাহিনী হামলা চালায়। একসময়ের কাশেমের শিষ্য সামেদ আলী হয়ে যায় কোনঠাসা। 

 

রহিম-মোতালেব একজোট হয়ে কয়েক হাজার টেঁটা বানিয়ে নেন। প্রস্তুতি নেন টেঁটা যুদ্ধের (মাইর)। ২০১৮ সালের ৯ আগস্ট বিকেলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার পর রহিম হাজীর লোকজন সামেদ আলীর বাড়ি-ঘরে হামলা ভাংচুর চালায়। সন্ধ্যায় পুরো আকবরনগর এলাকায় সামেদ আলী ও তার ছেলের বাহিনী তাণ্ডব চালায়। মুহূর্তের কয়েকশত টেঁটা নিয়ে নদীর পাড়ে ছুটে যায় তারা। 

 

এসময় কাশেম নেতার চাচাতো ভাই মাটি ব্যবসায়ী জয়নাল মণ্ডলকে নদীর পাড়ে নির্মমভাবে টেটা বিদ্ধ করে বলে অভিযোগ রয়েছে।  ১০ আগস্ট সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জয়নাল মণ্ডল হত্যার পর  কাশেম নেতার শেল্টারে রহিম হাজী ও তার লোকজন একজোট হয়ে সামেদ আলীর বাড়ি-ঘরে হামলাসহ ইটভাটায় লুটপাট চালায়। এসময় জয়নাল মণ্ডলের চাচাতো ভাই ইব্রাহিম মণ্ডলও এলাকায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

বাড়ি ছাড়া সামেদ আলী 
জয়নাল হত্যাকণ্ডের পর থেকে সামেদ আলী ও তার লোকজন এলাকা ছাড়া ছিল। হ্যতাকাণ্ডের পর একাধিক মামলা হয়েছে উভয় পক্ষে। রহিম হাজীর লোকজন সামেদ আলীর ইটভাটায় লুটপাটসহ বেশ কয়েকটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়। এলাকায় প্রবেশ করতে না পারায় সামেদ আলী বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীসহ, ফতুল্লা থানা আওয়ামী লীগ ও জেলার বেশ কয়েকজন প্রভাবশালী নেতার শরনাপন্ন হন বলে জানা যায়। প্রায় ১ মাস আগে ফতুল্লা থানা, মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জসহ (ওসি)সহ প্রায় শতাধিক ব্যক্তি একত্রে বসে সামেদ আলী ও রহিম হাজীর মধ্যে আপোষ মীমাংসা করে দেন। কথা ছিল এলাকায় নতুন করে আর যাতে কোন দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি না হয়।

 

হঠাৎ উত্তপ্ত হওয়ার নেপথ্যে 
সামেদ আলী ও রহিম হাজীর  মধ্যে আপোষ হয়ে যাওয়ার পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছিল। কিন্তু না, একমাসের মধ্যেই সামেদ-রহিম একজোট হয়ে আকবর নগরে টেটার আঘাতে নিহত জয়নাল মণ্ডলের চাচাতো ভাই ইব্রাহিমের বাড়ি ঘরে হামলা চালায়। তাদের উদ্দেশ্যে কেরাণীগঞ্জের কাশেম নেতার আত্মীয়দের এলাকা থেকে উৎখাত করা। 

 

অপরদিকে সামেদ-রহিমের মামলা মোকদ্দমায় যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই এলাকায় নতুন করে একজোট হয়ে তাণ্ডব শুরু করেছে তারা। গত কয়েকদিন আগে গরু জবাই করে ভুড়ি ভোজের মাধ্যমে দুই পক্ষই এলাকার ইটভাটা, বালু মহাল থেকে চাঁদাবাজীতে মাঠে নেমেছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।

 


ফতুল্লা থানার ওসি’র বক্তব্য 
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বক্তাবলীর আকবর নগরে থেমে থেমে যে হামলার ঘটনা ঘটে তা খুব তুচ্ছ ব্যাপারে ঘটে থাকে। তুচ্ছ বিষয়ে তারা যুদ্ধ বাধিয়ে দেয়। ঐ গ্রামটি যাতে শান্ত থাকে সে ব্যাপারে এলাকার গণ্যমান্য লোকজনদের সাথে সবসময় যোগাযোগ আছে। কেউ অন্যায় করে কোনভাবেই আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আমার যা করা দরকার আমি তাই করবো।  চেয়ারম্যান সাহেবের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

 

এম শওকত আলীর বক্তব্য 
আকবরনগর এলাকাটি বক্তাবলী ইউনিয়ন পরিষদ এলাকায়। একেবারে শেষ প্রান্ত কেরাণীগঞ্জ এলাকার পাশাপাশি গ্রামটি। ঐ এলাকার বেশ কয়েকজনের সুবিধা হয় সংঘর্ষ, হামলা চলতে থাকলে। এর অবসান হওয়া দরকার। সম্প্রতি দুটি পক্ষের মধ্যে আপোষ করে দেয়া হয়েছে। এরপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে পাড় পাবে না। ইটভাটায় চাঁদাবাজীর বিষয়টি এখনো আমি অবগত নই, যদি এমন কেউ করে থাকে তাহলে তার পরিণামও ভালো হবে না।

 

খইল্লার চরের আবুল কাশেমের বক্তব্য 
আকবর নগরে আমাদের বাপ দাদার ভিটা আছে। কিন্তু আমি কেরাণীগঞ্জ এলাকার খইল্লার চরে বসবাস করি। আমার চাচাতো ভাই জয়নাল মণ্ডলকে ডাক দিয়ে আকবর নগরে নিয়ে গিয়েছিল রহিম হাজী। তার ডাকে ঐ পাড়ে যাওয়ার পর সামেদ আলীর লোকজন জয়নালকে হত্যা করে। এখন রহিম হাজী আর সামেদ আলী মিলে গেছে। জয়নাল হত্যা মামলার বিচার কাজ আদালতে চলমান। কিন্তু এর মধ্যে আমার চাচাতো ভাই ইব্রাহিমের বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। বক্তাবলীর চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে তিনি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। 

 

চেয়ারম্যান আসাদুজ্জামানের বক্তব্য 
আমার বাড়ি এনায়েত নগরে। বক্তাবলীর সামেদ আলীর সাথে আমার পরিচয় আছে। তার মানে এই নয় তাকে আমি শেল্টার দেই। তারা কি নিয়ে ঐ এলাকায় মারামারি করে তা তারাই বলতে পারবে। এ ব্যাপারে আমার কোন ভূমিকা নেই। তবে এলাকাটি শান্ত থাকুক এটা মনে প্রাণে সব সময় চাই।

 

সামেদ আলী হাজীর বক্তব্য
‘জয়নালরে কে বা কারা  টেটা দিয়া মারছে ঐ মামলার আসামি করা হইছে আমারে। মামলার পর আমার বাড়িঘর ভাঙছে, পুইড়া দিছে। জয়নালের চাচাতো ভাই ইব্রাহিম মণ্ডল বাড়িঘরে হামলা চালাইছে তহনতো কেউ কিছু কইলো না। অহন ইব্রাহিমের ঘর ভাঙছে আর নানা প্রশ্ন জিগাইতাছেন। তহন সাংবাদিকরা কই আছিলেন ?’  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন