বন্দর (যুগের চিন্তা ২৪৭) : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগ নেতা সুস্মিতের হামলায় আবুল মিয়া (৪৮) নামে বাঁধন বাস কন্ট্রাকটারের একটি দাঁত পড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর থানার বাড়ৈইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাস কন্ট্রাকটার আবুল মিয়া বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ ১নং মাধবপাশা এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
এলাকাবাসী আহত বাস কন্ট্রাকটারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ঘটনার ওই দিন দুপুরে ছাত্রলীগের নেতাসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসে।
আহত বাস কন্ট্রাকটার আবুল মিয়া জানান, সোমবার সকাল ১০টায় প্রয়োজনীয় কাজে আমি আমার বন্ধুর বাড়ি বাড়ৈইপাড়া এলাকায় আসি। ওই সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দর এইচএম সেন রোডস্থ বাড়ৈইপাড়া এলাকার আবু মিয়ার ছেলে মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুস্মিত, একই এলাকার জাকির মিয়ার ছেলে পিয়াস এবং হায়াতুর রহমানের ছেলে সানোয়ারসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বেদমভাবে পিটিয়ে নিলাফুলা জখমসহ ১টি দাঁত ফেলে দেয়।


